Thursday, May 7, 2026

শিশুরাও লজ্জা পায়

 শিশুরাও লজ্জা পায়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
হে মোর স্বদেশ, একি হেরি আজ তব পুণ্য প্রাঙ্গণে!
যেথা বসিবার কথা ছিল স্থির মহৎ গুণীজনে,
সেথা আজি একি হীন কোলাহল, কুশ্রী সে অভিনয়—
রঙিন পর্দায় ছড়ায় লজ্জা, ঘৃণা জাগে মনে হয়।

ইথারে ইথারে রটিছে কেবল পঙ্কিল এক গাথা,
পবিত্র সে বেদীতলে জনতা আজি নোয়ায় আপন মাথা।
যেথা উড়িবার কথা ছিল লাল-সবুজের মান,
যেথা ধ্বনিত হওয়ার কথা ছিল মুক্তির জয়গান—

সেথা চলে আজ হঠকারিতা, কূটবাক্যের রণ,
কে কারে করিবে হীন, কার মাঝে কত আয়োজন!
মুক্তিযুদ্ধ তুচ্ছ করিয়া ফ্যাসিবাদের বন্দনা,
স্বৈরাচারের বীজ বুনে চলে— নিদারুণ এ যন্ত্রণা।

গীবতের গল্পে রুদ্ধ করিছে সত্যের কণ্ঠস্বর,
আপন মহিমা ভুলিয়া আজিকে সবে যেন অতি পর।
অবুঝ শিশুও অবাক নেত্রে চাহিয়া রহে সেথা,
পিতা’রে শুধায় উপহাস ভরে—“পাগলের মেলা একি হেথা?”

যাদের হেরিলে জাগিত শ্রদ্ধা নবীন এ মনে তায়—
আজ হেরি সেই শিশুরাও লজ্জা পায়।
হে বিধাতা, তব ধরণীর বুকে ফিরাও সুস্থ মতি,
নাহলে উত্তরকাল কহিবে তোমায় চির-অপরাধী অতি।
---------------------------------------------------

No comments:

Post a Comment