শ্রমিকের মুক্তি চাই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লারাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
আমি আসিনি শুনতে কোনো মিছে বুলি, বক্তৃতার ওই ফাঁকা বুলি—
আমি দেখতে এসেছি শ্রমের ঘামে, ন্যায্য দাবির দুয়ার খুলি।
ব্যানার-ফেস্টুন, পত্রিকার পাতা— অনেক হয়েছে দেখা,
এবার চাইছি মাটির পৃথিবীতে অধিকারের অমর লেখ্য লেখা।
আমি শ্রমিকের মুক্তি চাই, শৃঙ্খল ভাঙার গান গাই!
কত ঘাম ঝরে কারখানার চাকা ঘোরে রাত-দিন,
তবু কেন শ্রমিকের পাওনা থেকে যায় চিরকাল ঋণ?
মালিকের প্রাসাদে আলোর রোশনাই, শ্রমিকের ঘরে অন্ধকার—
এই শোষণের বিচার করতে এসেছি আমি, বিদ্রোহী এক তলোয়ার।
বেতন-ভাতা, বাসস্থান, আর চাই জীবনের নিরাপত্তা,
শাসক-শোষকের মসনদ কাঁপে— যখন জাগে শ্রমিকের সত্তা!
ওরে মজলুম, ওরে নিঃস্ব— আর কতকাল রবে তুই চুপ?
তোর রক্তে কেনা বৈভব চেনে না তোর কঙ্কালসার রূপ।
মিল-কারখানায় বৈষম্যের বিষবাষ্প এবার দাও জ্বালিয়ে,
বিপ্লবী সুরে গর্জে উঠো সব, অধিকার নেব ছিনিয়ে!
রক্ত ঝরা ওই শহীদের ঋণ শোধ হবে আজ রণসাজে,
মুক্তির দামামা আজ তামাম পৃথিবীর বুকে বাজে।
চিকিৎসা চাই, সম্মান চাই, চাই বাঁচার অধিকার—
কলম ধরেছি ভাঙতে ওই জুলুমের যত কারাগার।
আমি কবির কলমে বিদ্রোহ এনেছি, শাসকের গদি কাঁপাতে,
মজলুমের হাতে হাত মিলিয়ে এসেছি শৃঙ্খল ভাঙাতে।
জেগে ওঠো দুনিয়ার মেহনতি মানুষ, ভাঙো শোষণের কালো হাত—
শ্রমিকের মুক্তির সূর্য উঠবেই, কাটবে ঘোর আঁধার রাত!
আমি শ্রমিকের মুক্তি চাই, বিপ্লবে আজ মুক্তি পাই!
-------------------------------------------------------------
No comments:
Post a Comment