Thursday, May 7, 2026

অঘোষিত প্রেম

 অঘোষিত প্রেম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************************
সেদিন অবেলায় কাশফুলে মেখেছিল রোদের কাঞ্চন,
অবুঝ বালিকা তুমি, হাসলে যখন ছিঁড়ে হৃদয়ের বন্ধন।
রাঙা ঠোঁটের সেই মায়াবী রেখায় ছিল না কোনো কারসাজি,
অথচ আমার চাতক মনে নামলো এক অদ্ভুত শ্রাবণের বাজি।

তুমি হাসলে নিছক কৌতুহলে, যেমন ফোটে বুনো ফুল,
আমি সেই হাসিতেই ডুবে মরলাম, হারালো নদীর দুই কূল।
নিজের অজান্তেই বুকের নির্জনে আঁকলাম আলপনা সযত্নে,
তুমি ধরা দিলে না কখনো, রয়ে গেলে কোনো এক গভীর রত্নে।

যতই দিন যায়, বুকের পাঁজরে জমে মেঘের ঘনঘটা,
তুমি আড়াল হলেই নামে কালবৈশাখী, হাহাকারের ছটা।
এক জ্বলন্ত দাবানলের সামনে দাঁড়িয়ে করেছি অভিনয়ের ছল,
চিনি না তোমায়— এই মিথ্যে সাজাতে চোখে জমেছে নোনা জল।

হৃদয়ের গহীনে কখন যে হয়েছে রক্তক্ষয়ী এক অলিখিত চুক্তি,
এ এক মায়াবী শৃঙ্খল আমার, যেখানে নেই কোনো মুক্তি।
হয়তো কোনোদিনও জানবে না তুমি এ প্রেমের গভীরতা কতখানি,
কতটা দীর্ঘশ্বাস মিশে আছে আমার প্রতিটি নির্জন চোখের পানি।

যদি শরতের মেঘ হয়ে আমায় পুড়িয়ে দিতে নীল আগুন দাও,
আমি দেব বসন্তের হিমেল হাওয়া, যদি তুমি ফিরে তাকাও।
জানি অবহেলায় শুকিয়ে ঝরে যাবে আমার এই অঘোষিত প্রেম,
তবুও স্মৃতির নীলপদ্মে তুমিই থাকবে চিরদিনের শ্রেষ্ঠ ফ্রেম।

অপুর্ব এক শূন্যতা নিয়ে আমি বয়ে বেড়াবো এই ব্যদনার ভার,
তুমিই ছিলে আমার না পাওয়া জোছনা, আমার অন্ধকার।
-------------------------------------------


০৬-০৫-২০২৬

No comments:

Post a Comment