তৌহিদেরই রণভেরী
কলমেঃ মোঃআমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************************
বাজে তৌহিদের রণ-ভেরী আজি! জাগো রে মুমিন দল!
ছিঁড়ে ফেলো আজ হীন সংশয়, বাহুতে ঈমানি বল!
ভাইয়ে ভাইয়ে এই হানাহানি কেন? কেন রে এ রণ-ছাড়?
তোমাদের এই গৃহ-বিবাদে বাতিলেরা পায় পার!
জাগো রে মুমিন সত্যের তেজে, ওড়াও বিজয়-কেতন,
একই কলেমার একই সে রজ্জু— এক করো সব মন!
নিজের খুশিতে ফতোয়া হাকানো— বন্ধ করো রে আজ,
ভন্ডামিতে কি ইসলাম বাঁচে? মরিয়া যে মরি লাজ!
স্বার্থের লাগি কোরআনে কভু করো না কষাঘাত,
নবীর সুন্নাহ আঁকড়িয়া ধরো— নামুক আসমানি হাত।
ইসলামকে ক্ষুদ্র করো না নিজেরি হীন তরে,
মুক্ত করো এ বিশ্ব-বিবেক মোহের অন্ধ-ঘরে!
পরধর্মে দিয়ো না গালি, করিয়ো না অপমান—
উদারতা হীন ইসলাম কভু গায় না সাম্যের গান!
অমুসলিমেরে ডাকিয়া আনো ইসলামেরই তলে,
ভিতরে যাহার সুন্দর অতি— সে কি কভু মিছে বলে?
ইসলাম শুধু তরবারিতে কি পেয়েছে বিজয়-মান?
না রে না! সে যে সুন্দরে জয় করেছে সগৌরব প্রাণ!
সুন্দরে তুমি দাও হে দাওয়াত, সাম্যের গান গাও—
উদার বক্ষে বিশ্ববাসীর শান্তির ঠাঁই দাও।
ভেদাভেদ ভুলে মোসাফাহা করো, মেলাও প্রাণের হাত,
জুলুমের ঘোর অন্ধকার হোক তৌহিদী সূর্যপাত!
বাজে তৌহিদের রণ-ভেরী আজি! কাঁপুক আকাশ-বোল,
একই আল্লাহ, একই সে নবী— তুলো আজ মহা-রোল!
-----------------------------------------------------
১২-০৫-২০২৬
No comments:
Post a Comment