বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

বিচার চাই না

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***************************************

ওরে শোন, বিচার চাই না!
ক্ষমা করো মোরে ওগো সমাজের ধারক ও বাহক দল,
তোমাদের ওই তুলাদণ্ড আজ মিথ্যে, জীর্ণ, বিকল।
আট বছরের ওই একরত্তি প্রাণ—
নাম যার রামিসা,
তার নিথর দেহের পাশে দাঁড়িয়ে কেন খুঁজব বিচারের দিশা?
পিতার বুকফাটা হাহাকারে আজ আকাশ বিদীর্ণ হয়,
তোমাদের ওই আইনের খাঁচায় পচে মরে শুধু ভয়!

আমি বিদ্রোহী! আমি মানি না এ বিচারব্যবস্থা নামধারী প্রহসন,
যেখানে কচি ঘাসের ডগায় পশুর দাঁত বসায় কুৎসিত শাসন।
রামিসা তো এক ফালি চাঁদ ছিল, ভোরের স্নিগ্ধ শিশির,
তাকে ছিঁড়ে খেলো নরপিশাচেরা, তবু তোমরা কেন স্থির?
বজ্র আসুক! প্রলয় নামুক এই ধরণীর বুকে,
অভিশাপ ঝরুক ওই খুনিদের রাঙানো রক্তমুখে।

মেঘনার বুক চিরে উঠুক আজ ভয়ংকর সেই তুফান,
প্রকৃতি সইবে না আর এই নিষ্পাপ প্রাণের বলিদান।
বটের ছায়ায় যে শিশুটি খেলত আনমনে,
তাকে বলি দিলে তোমরা কোন লালসার গহন বনে?
পিতার কন্ঠে ওই যে ঘৃণা— ‘বিচার চাই না আর’,
সে তো বিচার নয়, তোমাদের সভ্যতার গালে এক চপেটাঘাত খরধার!

ওরে ও ভন্ড বিচারক! ওরে ও অন্ধ আইন,
রামিসার রক্তে ভেজা মাটি আজ হয়ে গেছে রক্ত-রঙিন।
আমি চাই না কোনো আপস, চাই না কোনো দয়া,
আমি চাই সেই প্রলয়-নাচন, যাতে মুছে যায় এই কালজয়া ছায়া।
ঝড় ওঠো! উপড়ে ফেলো এই পচা গলার হাড়,
বিচারের নামে যেখানে শুধুই অবিচারের পাহাড়।

জাগো জনতা! জাগো বিপ্লবী! হাতে নাও আগুনের বাঁশি,
রামিসার আত্মা আজ হাসুক— দেখে খুনিদের গলায় ফাঁসি।
যতদিন না এই পশুর রাজত্ব হবে ছাই আর ধুলো,
ততদিন মোর কলম গাবে— প্রলয় বিষাণ তুলো!

--------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

শুভ স্বাগতম হে প্রধান অতিথি

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা , রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ***************************** শুভ আগমন , শুভ আগমন , হে প্রধান...