Tuesday, August 25, 2026

নূরনবীজির গাড়ি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*********************************

মরুর বুকে এল রে ভাই নূরনবীজির গাড়ি,
সেই গাড়িতে উইঠা চলো মদিনাতে পাড়ি।
ভাইরে...
মরুর বুকে এল রে ভাই নূরনবীজির গাড়ি।


রবিউল আউয়াল মাসে গাড়ি দিল দেখা,
পাপ-আঁধারের বুকে নবী আঁকলেন নূরের রেখা।
দয়াল নবীজিরই আগমনে...
দয়াল নবীজিরই আগমনে খুশির মাতম জারি,
সেই গাড়িতে উইঠা চলো মদিনাতে পাড়ি।
ভাইরে...
মরুর বুকে এল রে ভাই নূরনবীজির গাড়ি।


এই গাড়িতে টিকিট লাগে না রে ভাই, কোনো পয়সা লাগে না,
দরুদ সালাম ছাড়া অন্য ভাড়া চাবে না।
যেজন দিল থেইকা...
যেজন দিল থেইকা পড়বে দরুদ, কাটবে বিপদ ভারী,
সেই গাড়িতে উইঠা চলো মদিনাতে পাড়ি।
ভাইরে...
মরুর বুকে এল রে ভাই নূরনবীজির গাড়ি।


ছুটে চলে নূরের গাড়ি মদিনারই পানে,
মন পাখিটা ডানা মেলে নবীজিরই গানে।
তোমরা ঈদে মিলাদুন্নবীতে...
তোমরা ঈদে মিলাদুন্নবীতে ছড়াও খুশি সারি সারি,
সেই গাড়িতে উইঠা চলো মদিনাতে পাড়ি।
ভাইরে...
মরুর বুকে এল রে ভাই নূরনবীজির গাড়ি।

-----------------------------------------

 

কথা দাও হে ছাত্র শক্তি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*****************************************

তুমি আলো!
তুমি অন্ধ-তামস কালো!
তুমি মহাবিপ্লব-ঝড়!
তুমি ভাঙো পরাজয়ের ঘর!
তুমি মহাবাহু! তুমি ধূলিসাৎ! তুমি স্বপ্নের উন্মাদ!
তুমি অহংকার! তুমি অপরাজেয়! রুখবে সিংহনাদ!
তুমি ধ্বংসের তাণ্ডব-নৃত্য, সৃষ্টির উল্লাস,
তোমাদের ঘিরেই অযুত স্বপ্ন, বাংলাদেশের শ্বাস!
তোরা ছাত্র শক্তি!
তোদেরই রক্তে জাগে রে নবীন ভক্তি,
তোদেরই বাহুতে বাঁধা আছে আজ আগামীর মহাগান!

আজ তোরা যদি হেরে যাস ওরে
হেরে যাবে বাংলাদেশ!
ঘুচবে না আর ক্লেশ!
জাতির রক্তিম আশা,
মাতা-পিতার ভালোবাসা
সব হবে ম্লান!
কলঙ্ক-কালি ছুঁয়ে যাবে ওরে স্বজন-বন্ধুর প্রাণ!
তোদের হাতেই নিরাপদ রবে এই স্বাধীন ভূভাগ,
বিশ্বের কাছে গর্জে ওঠ রেমুছে দে মনের দাগ!

বল হে ছাত্র! বল রে বীর!
তোরা নও কোনো অশুভ কালো!
তোদের ললাটে জ্বলছে কেবল সত্য-ন্যায়ের আলো!
নও বখাটে, নও ইভটিজার,
নও রে নরপশু!
নও চাঁদাবাজ, নও দখলবাজ,
ভাঙবি অসুর-যশু!
নও নেশাগ্রস্ত তরুণ-তরুণী, নও সমাজের কীট,
মব-লাঞ্ছনার বিষাক্ত ছোবলে করবি না রণ জীত!
ফ্যাসিবাদের তোরা নও রে দোসর, নও মেরুদণ্ডহীন,
দেশদ্রোহিতার শৃঙ্খল তোরা ভাঙবি রে প্রতিদিন!

পিতা-মাতার তোরা নও অভিশাপ,
নও বেয়াদব দল,
তোরা মানবিক! তোরা দেশপ্রেমিক!
বুকেতে সততার বল!
লাল-সবুজ এই পতাকাই প্রাণ, বক্ষে বজ্র-পণ,
তোরা প্রতিবাদী! তোরা বিপ্লবী!
তোরাই তো নব্য হণ!
লেখাপড়া হবে একমাত্র ব্রত, জ্ঞানের আলোক-তীর,
তোদের হাতেই অক্ষত রবে স্বাধীন ধরণীর শির!

কথা দাও আজ ছাত্র শক্তি
করবি না অমঙ্গল!
রাখবি দেশের বল!
ভাঙবি না কভু এই অঙ্গীকার,
দিবি না বুকেতে চোট,
কাউকে করবি না অপমান-লাঞ্ছনা, ভাঙবি অন্যায়ের জোট!
মদ-জুয়া-আফিমের বিষাক্ত থাবায় করবি না প্রাণ লোট!
দেশের মান রাখবি উঁচুতে, ছড়াবি সুনামের জ্যোতি,
কথা দাও তোরা
রক্ত দিয়েও রুখবি দেশের ক্ষতি!

কথা দাও আজ হে ছাত্র শক্তি, ভাঙিবে না এই পণ!
তোমাদের হাতেই নিরাপদ রবে—
স্বাধীন এই বাংলাদেশ,
তোমাদের আলোয় ঘুচে যাবে আজ দুঃখ-গ্লানির শেষ!

---------------------------------------------