বুধবার, মে ২০, ২০২৬

কেন প্রশ্ন করো?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

****************************************

আমি নজরুল নই, আমি নই রবীন্দ্রনাথ—
আমি এই স্বাধীন বাংলার বিদ্রোহী প্রাণ,
শোষিত-নিপীড়িত জনতার কলজে ছেঁড়া গান।
আমি জনতার কবি,
বিপ্লবের ছবি,
আমি শোষণের বিরুদ্ধে শাণিত কৃপাণ!

আমি নই কোনো দলের চাটুকার বা তাবেদার,
সত্যের পথে আমি চিরকাল এক দুঃসাহসী সওয়ার।
কবিতা আমার অস্ত্র,
কবিতা আমার বজ্র,
আমি প্রতিবাদের হাতিয়ার।

শোনো ওহে জালেম শাসক—
আমি লাল-সবুজের সেই অবিনাশী উত্তরসূরী,
যার রক্তে মিশে আছে একাত্তরের তূরী।
আমার কণ্ঠ রোধ হবে না,
আমার কলম থামবে না।
তোমার ভুলগুলো আঙুল উঁচিয়ে আমিই দেখাবো,
আমি তোমারে শোধরাতে চাই—
প্রতিবাদ মানেই কি তবে শুধু বিরোধিতা করা? নাই!

আমি দেশদ্রোহীদের যম,
ইতিহাস বিকৃতি করলে আমি হই নির্মম।
যারা ভিন্নমতের কণ্ঠ রুধিতে চায়,
সেথায় আমিই বিপ্লবী— একাই লড়ি সেই রণপ্রাঙ্গণ তায়।

আমি দেশবিরোধীদের কামান-গোলা-বারুদ!
আমি নই নতশির—
মুনাফিক মীরজাফরের কাছে আমি চির উন্নত শির।
আমি স্বাধীন বাংলার নাগরিক,
স্বাধীনতা আমার জন্মগত অধিকার।

তবে কেন প্রশ্ন করো?
কেন ভয় দেখাও অকারণ?
কেন কলম থামাতে চাও বারংবার?

জেনে রেখো—
বিপ্লব এই বাংলার রক্তে বইছে অবিরাম,
বিজয় মানেই বাঙালির চিরন্তন নাম।
আমি চির বিপ্লবী, আমি জনতার কবি—
আমিই আঁকবো আগামীর মুক্ত বাংলার ছবি।

-------------------------------------------------

 

মঙ্গলবার, মে ১৯, ২০২৬

বিনয়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

******************************************

ওরে ও মদমত্ত মানুষ!
উদ্ধত শির নত কর আজ, ভেঙে ফেল দম্ভের ফানুস!
জানিস কি তুই?
বিনয়ই হলো সকল গুণের আদি উৎস ও মূল,
ইসলামের শ্রেষ্ঠ ভূষণ—ওরে ওরে দিশেহারা ভুল!

বিশ্বাস আর বিনয়—ওরা যে অবিচ্ছেদ্য যমজ প্রাণ,
একই সাথে বাড়ে, একই সাথে গায় কুদরতের গান।
হুঁশিয়ার!
একটি যদি হারায় কভু, অন্যটি দেয় চম্পট,
ম্লান হয়ে যায় ঈমানি তেজ, ভেঙে পড়ে সব তট!

শোনো রে মূর্খ! শোনো রে দাম্ভিক!
বিনয় আর কোমল আচরণই শ্রেষ্ঠ সদকা—জানিস কি সঠিক?
পবিত্র চরিত্র গড় তবে আজ চার সুধার স্রোতজলে—
হৃদয়ে থাকুক বিশ্বাসযোগ্যতা,
জিহ্বায় চিরকাল থাক সত্যের অটল বারতা,
উদ্ধত ফণা চূর্ণ করে মস্তক হোক বিনয়-নত,
আর হালাল কামাইয়ে জীবন চলুক—হয়ে খোদার অনুগত।

এই তো মুক্তি! এই তো শক্তি! এই তো মোমিনের শান,
বিনয় দিয়েই জয় করে নে তুই বিশ্ব-চরাচর আর আসমান!

 -----------------------------------------------

জ্ঞানই শক্তি, জ্ঞানই মুক্তি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

***************************************

জ্ঞানই শক্তি, জ্ঞানই মুক্তি—এই মূল মন্ত্র ধারী,
আঁধার রাতের সিন্ধু সেঁচে আমরা জ্ঞানের কাণ্ডারি!

ফরজ করিয়াছেন প্রভু
জ্ঞানের আলোক লভিতে বিভু—
নর ও নারী ভেদাভেদ নাই, শিক্ষা চাই সবার ঘরে,
জ্ঞানের তৃষ্ণা মিটে না কভু জান্নাতের নহর তরে।

পণ্ডিত সে-ই, যে জন করে কাজ
জ্ঞানের আলোয় সাজায় আপন সাজ!
পুঁথি কেবল গিলিলে হবে না, চাই যে শুদ্ধ আমল,
তবেই ফুটিবে হৃদয়ে তোমার পুণ্য সুরভি কমল।

বৃথা গেল সেই দিন
যে দিনটি কাটিল জ্ঞানহীন!
একটি কণা শিখিলে না যদি বাড়ল না যার বুঝ,
সে দিনটি তাহার আঁধারে ডুবিবে, পাবে না পথের খোঁজ।

জ্ঞানই শক্তি, জ্ঞানই মুক্তি—টুটিবে শৃঙ্খল ভারী,
মুমিন চলিবে কলম হাতে বিশ্ব বিজয় করি’!

 -----------------------------------------------

“অগ্নিপথের অগ্রনায়ক”

    কলমে : মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। -------------------------------------- একাত্তরের অগ্নিস্মৃতি ,...