আমি চাই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------------------------
ওরে তোরা শুন, আমি আজ কহি শোষিতের আর্তনাদ,
আমি ভাঙতে এসেছি ওই জালিমের যত মিথ্যা অহ্লাদ।
আমি মুক্তি চাই, আমি অধিকার চাই, চাই প্রাণের দাবি,
আমি মুক্ত স্বাধীন বাতাসে বাঁচিতে হাতে নিয়েছি চাবি।
আমি কবি, আমি কলম-শমসের, আমি বঞ্চিতের রণ-তূর্য,
আমি জনতা-সমুদ্রের কল্লোল, আমি সত্যের প্রদীপ্ত সূর্য।
আমি শোনাবো তাদের কথা—যাদের পিঠ ঠেকে গেছে দেয়ালে,
আমি হুঙ্কার ছাড়ি তখত-তাউস আর শাসকের খেয়ালে।
মাথা নত করি না আমি কোনো সে দেশদ্রোহী পিশাচের দ্বারে,
আমি চাই অন্ন-বস্ত্রের নিশ্চয়তা প্রতি ঘরে ঘরে।
আমি চাই শিক্ষা, চাই চিকিৎসা, চাই বাসস্থানের ঠাঁই,
আমি চাটুকার নই, ক্ষমতার লোভে দেশ বেচে দিতে নাই।
ওরে স্বৈরাচার! তোদের রক্তচক্ষু আমায় কি আর ডরায়?
আমি ঝঞ্ঝা-তুফান, আমি চলি প্রলয়-বীণার সুরের ধারায়।
বল কেন আজ হাহাকার? কেন কোটি যুবক কর্মহীন?
কেন মিল-কারখানা নিঝুম? কেন দেশটা আজ শ্রীহীন?
কেন পাচার হয় কোটি কোটি টাকা বিদেশের নীল সিন্দুকে?
কেন শিক্ষা আজ পঙ্গু শৃঙ্খলে? কেন হাহাকার সব মুখে?
উগ্রবাদের বিষ আজ কেন সমাজকে করেছে কলুষিত?
কেন বাঙালির শুদ্ধ সংস্কৃতি আজ অশুভের হাতে লঞ্ছিত?
ইতিহাস নিঙড়ে যারা বানায় মিথ্যার রঙমহল,
তোর মহাউৎসব থামাবি কি আজ? জেগেছে ছাত্র-জনতা-দল।
এমন বাংলাদেশ আমি চাইনি, এ তো নয় রক্তের সেই ঋণ,
আমি চাই সেই সাম্যের দেশ, যেখানে ঘুচবে তিমির রাত-দিন।
আমি চাই মুক্তির বাংলাদেশ, মুক্তিযুদ্ধের সেই তেজ,
যেখানে মীরজাফরদের কোনো চিহ্ন রবে না, রবে না কোনো রেশ।
যেখানে দল-মত নির্বিশেষে সবাই গাইবে একই সুর—
"আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বহুদূর।"
শোষণমুক্ত, মানবিক এক বাংলার শপথ নিলাম আজি,
আমি নজরুলের বাঁশরী আর রন-শিঙায় হতে এসেছি বাজি।
--------------------------------------------------------------------
১৬-০৪-২০২৬
No comments:
Post a Comment