ওরে রক্তলোভী হায়েনা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************************
ওরে ওরে ভণ্ড শাসকের দল! ওরে রক্তলোভী হায়েনা!
স্বাধীনতার নাম জপিস মুখে— কাজে তোর তোল্লায় চলে না!
তোর গদিতে লেগে আজ শোষিতের ঘাম আর রক্ত,
ভুলে গেছিস কি? এই জনতাই গড়েছিল যে তখত!
তোর কপালে উন্নয়নের তিলক, আর পেটে দুর্ণীতির ক্ষুধা,
তোর সিন্ডিকেটের বিষে নীল আজ বাঙালির অমৃত-সুধা।
অন্ন নেই, বস্ত্র নেই, মাথার ওপরে ভাঙা চাল,
তোর চাটুকারেরা গাইছে জয়গান, ধরছে মিথ্যার পাল!
কোটি কোটি বেকার যুবক আজ অভিশাপে নিমজ্জিত,
তোর পাচার করা অর্থে বিদেশের মাটি আজ রঞ্জিত!
বল তো দেখি— কোথায় মুক্তি? কোথায় স্বাধীনতা?
বাক-স্বাধীনতা তো আজ বন্দি তোর জেলের শিকলে গাঁথা!
ভিনমতের কণ্ঠ রুদ্ধ করিস ভয়ের রাজত্ব গড়ে,
তোর স্বৈরতন্ত্রের সিংহাসন কি তাসের ঘরের মতো নড়ে?
গণতন্ত্রকে করেছিস তুই অন্ধকারের দাসী,
জনতার পেটে খিল দিয়ে আজ শোনাস স্বাধীনতার হাসি!
আমি বিপ্লবী! আমি ধুমকেতু! আমি অন্যায়ের কালনাগিনী!
আজ শব্দে শব্দে জাগাবো আমি বিদ্রোহী রণ-রাগিণী!
তোর রাজনীতির রোষানলে পুড়ছে মিল-কলকারখানা,
ক্ষুধার্ত মানুষের আর্তনাদ তোর কানে কি আজো যায় না?
জবাব তোকে দিতেই হবে— কেন আজ এই হাহাকার?
কেন দ্রব্যমূল্যের আগুনে পুড়ছে সাধারণের সংসার?
ওরে অত্যাচারী! সাবধান হ! আসছে প্রলয়-দিন,
শোষিতের পদাঘাতে চূর্ণ হবে তোর ওই পাপের রঙিন ঋণ!
আমি উপড়াবো তোর শোষণের মূল, ভাঙবো দম্ভের খুঁটি,
জনতার রক্তে কেনা স্বাধীনতা— তোকে নিতে দেব না লুটি!
বিপ্লব জাগুক ঘরে ঘরে, জাগুক শব্দের বজ্রকঠিন ঝড়,
তোর স্বৈরতন্ত্রের চিতা জ্বলবে আজ— ওরে শাসক স্বার্থপর!
--------------------------------------------------------------
০৬-০৪-২০২৬
No comments:
Post a Comment