Thursday, April 16, 2026

অধিকারের বজ্রমুষ্ঠি

 অধিকারের বজ্রমুষ্ঠি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************

আঠারো কোটি প্রাণ যখন এক মিছিলে মেশে,
স্বৈরাচারের তখত্ তবে কেন এই দেশে?
নিরাপত্তার নামে কেন প্রাণের বলিদান?
অধিকারের লড়াইয়ে আজ ধরো নতুন গান।
জাগো বাহে, শৃঙ্খল ভাঙো, কাঁপাও রাজপথ—
মানুষই গড়বে এবার মানুষের ভবিষ্যৎ।
অলিগলি ওই পাতি নেতার দাপট আর কত?
বুকের ভেতর ক্ষোভ জমেছে আগ্নেয়গিরির মতো।
ইতিহাসের পাতায় যাদের বীরের অহংকার,
তাদের রক্তে কেনা দেশে কেন আজ হাহাকার?
বজ্রকণ্ঠ থেমে নেই, সে যে বাজে প্রাণে প্রাণে,
আওয়াজ উডা এবার তোরা— ন্যায়ের অভিযানে।

ভয় দেখিয়ে শাসন চলে? সে তো ভীরুর রীতি,
জনতার এই উত্তাল স্রোতে হারাবে সব ভীতি।
যে হাত ট্রিগার টিপেছে আজ, সে হাত দাও গুঁড়িয়ে,
মুক্তির ওই লাল নিশান দাও আকাশে উড়িয়ে।

মায়ের শাড়ির আঁচল আজ অশ্রুভেজা কেন?
নিরাপত্তাহীন এ ঘরে আর না রয় কেউ যেন।
অধিকার তো ভিক্ষা নয়, কেড়ে নিতে হয় বীরের মতো,
আঠারো কোটি বজ্রপাতে হঠাও শোষক যতো।
শপথ নিলাম শহীদের ওই তাজা রক্তের তরে,
অধিকারহীন আঁধার ঘুচবে প্রতিটি মানুষের ঘরে।

বিপ্লব মানে থামা নয়, বিপ্লব মানে দাবি,
আমাদের এই মাটির হাতেই মুক্তির আসল চাবি।
মিছিলের শব্দে থরথর আজি কাঁপে যে অবিচার,
মানুষই আনবে মানুষের দিনে জীবনের অধিকার!
---------------------------------------------------------


১৬-০৪-২০২৬

No comments:

Post a Comment