মঙ্গলবার, আগস্ট ০৪, ২০২৬

বলৎকারের কালো ছায়া

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

************************************

জাগো রে জাগো, জাগো রে জাতি,
ঘনিয়ে এলো যে পাপের রাতি!
চারিদিকে ওই ধেয়ে যে আসে বলৎকারের ছায়া,
দানব-রাহু গ্রাসিতে চায় শিশুর কোমল কায়া!


ঘরের ছেলে বা ঘরের মেয়ে—কেউ তো নিরাপদ নয়,
আলোর কুঠির-বিদ্যাপীঠেও জাগছে দারুণ ভয়!
যাদের চরণে সঁপেছি সনা জ্ঞানের আলোক-আশে,
ছদ্মবেশী সে আলোর গুরুই হানে আঘাত ত্রাসে!
দিশারী সেজে অবয়বে ওরা শিশুর অঙ্গ নাশে,
আমার অবোধ দুলাল-দুলী বলৎকারে ভাসে!
যাদের বুকে শিশুর আমার থাকার কথা নির্ভয়ে,
তারাই আজ কামড় দেয় কাল-নাগিনীর বিস্ময়ে!

মুখেতে ছড়ায় সত্যের বাণী,
ভণ্ডামির সে শিরোমণি!
মুক্তির কথা, আলোর কথা, শান্তির কথা বলে,
প্রভু-ভীতির ভেক ধরিয়া পাপের অনলে জ্বলে!
ধর্মবিরোধী কাজেতে মত্ত, অন্তরে কাল-চিতা,
তারাই তো আজ এই দুনিয়ায় সর্ব পাপাচারের পিতা!
নিষিদ্ধ সেই অন্ধকার পল্লীতে ওরা ধায়,
পরকীয়ার নোংরা খেলায় মজে পঙ্কিল গাঁয়!


নারীর ওপরে বাড়ায় হাত, ধর্ষণ-উৎসবে মাতে,
খুন করে আর গুম করে দেয় ঘোর অমাবস্যা রাতে!
মুখোশধারী ভণ্ড ওরা, জোচ্চোর প্রতারক,
ওদের ছায়ায় সন্তান রাখা—সে তো সাক্ষাৎ নরক!
শিশুর অঙ্গে চালায় ওরা বর্বর নির্যাতন,
পাথর-হৃদয় পিশাচ ওদের, নেই কোনো অনুশোচন!

মানবতার চরম বৈরী, দেশবিরোধী ওরা যে,
জাতির শত্রু, কওমের শত্রু, ঘুরছে মানুষের সাজে!
রুখে দাও ওদের, হে রাষ্ট্রের কান্ডারী বীর দল,
আইনের জালে বন্দী করো ওই পিশাচের দলবল!
দৃষ্টান্তেরই শাস্তি চাই আজ—হোক ফাঁসি, হোক বিনাশ,
বাংলার বুকে দেখতে চাই না আর কোনো শিশুর লাশ!
ওরা নরাধম, ওরা যে পিশাচ, শয়তানের ভাই সাক্ষাৎ,
বজ্র-আঘাতে চূর্ণ করো ওই দানবের কাল হাত!

-------------------------------------------------------------

 

 

প্রতারণার কালো প্রচ্ছদ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***************************************************

মিথ্যা আশার কুহক ছড়ালে,
কহিলে, ‘আসিব নতুন প্রদীপে পুরানো আঁধার ঘুচাতে!’
তবে কেন আজ এ ঘোর তামসী নিশুতি?
দিকে দিকে কেন স্বাধীনতার কনক-সূর্য ডুবিছে নিয়ত?
স্বদেশ-দ্রোহী পিশাচেরা আজ বীর দর্পে
চেপে বসে আছে ভুলুণ্ঠিত ঐ স্বাধীনতার ঘাড়ে!
তুমি তো বলেছিলে—
রবে না স্বৈরতন্ত্র, রবে না এ মবতন্ত্র,
ফ্যাসিবাদ-দুর্নীতির হবে অবসান!
ঘুচিবে অপমান, ফিরিবে জনতার হৃত অধিকার!
তবে কেন আজ তোমরাই মেতেছ এ ঘোর অপকর্মে?
বিশ্বাসের বুকে বিধিলে বিষাক্ত ছুরি,
ইতিহাসে তোমরাই সাজিলে নব্য মীরজাফর!
জিজ্ঞাসি তোমারে—
রাস্তার ঐ নিঃস্ব ফকির,
কোন জাদুমন্ত্রে রাতারাতি কোটিপতি আজ?
কোথা হতে এলো এ প্রাসাদ-বাহন, এ বিপুল বিত্তের পাহাড়?
হায়রে ক্ষমতার নগ্ন লিপ্সা!
হায়রে ঘৃণ্য দেশদ্রোহিতা!

হে ছলনাময়ী, ছলনার চাদর সরাও!
জাতির সম্মুখে খসিয়া পড়ুক তোমার মুখোশ!
জেনে রেখো—
আঁধারের এই মহোৎসবে, শোষিতের এই ক্রন্দনে,
ধুলো থেকে ফের জাগিবে জনতা—
বজ্রকণ্ঠে ভাঙিতে তোমার এই মিথ্যার কালো কারাগার!

------------------------------------------------------------------------------------------

মগের মুল্লুকে বিদ্যুৎ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া, গাজীপুর

**************************************

ওহে কাপ্তান!
মসনদে বসি’ ভুলিয়াছ সব জারি?
আঁধারে ডুবিয়া বাংলা কাঁদিছে, হাহাকার ভারী ভারী!
বলেছিলে তুমি বজ্র-নির্ঘোষে—
‘আনিব আলোর বন্যা’,
আজ ঘরে ঘরে প্রদীপের তলে কাঁদিছে ঘরের কন্যা!
পড়ার টেবিলে আলো নাই আজ,
শিশুটি গুণিছে আঁধার,
মিথ্যা আশার কুহক-ছায়ায় দেশ আজি ছারখার!
চলিবে না আর এই ভাওতাবাজি,
চলিবে না কারসাজি,
গ্রাহকের পকেট কাটিয়া তোমরা লুটিয়া নিতেছ আজি!
এক গুণ নয়, দুই গুণ নয়,
বাড়ে চার-পাঁচ গুণ বিল,
মগের মুল্লুক বানাইয়া দেশ, ভেঙেছ ন্যায়ের খিল!
মাসের ব্যবধানে বিলের অঙ্কে জ্যামিতিক কারবার,
আগের মাসের সাথে পরের মাসের আকাশ-পাতাল পার!
গ্যাস নাইকো, বিদ্যুৎ নাই,
শুধু আছে শোষণের শেষ,
লুটপাটের এই মায়াবী মহলে তোমরা ত আছ বেশ!
স্বাধীন দেশের স্বাধীন মানুষ,
কেন অধিকার-হীন?
রক্তের দামে কেন কিনি আজ অন্ধকারের দিন?
বিদ্যুৎ-বিভাগে বসিয়া আছে ঐ লোভী শকুনের দল,
লাগামহীন এক ঘোড়ার মতন ছুটিছে অনর্গল!
ঘণ্টার পর ঘণ্টা কাটিছে,
দিনের পর দিন যায়,
তবু কাগজের বিলের খাতায় অঙ্ক লাফিয়ে ধায়!
গ্রাহক শোষিত, গ্রাহক আহত, ক্ষতবিক্ষত প্রাণ,
দুর্নীতিবাজের তোশখানাতে জমিতেছে লাখ দান!
শহরের বুকে আলোর রোশনাই,
গ্রামে কেন হাহাকার?
গ্রামের পর গ্রাম ডুবিয়াছে কেনে—এ কেমন অবিচার?
কলকারখানা বন্ধ হইল,
উৎপাদন আজ সারা,
শিল্পাঞ্চল অচল হইয়া শ্রমিকেরা দিশাহারা!
হে শাসক, তুমি বিলাসী মোহেতে মেলিয়াছ কোন চোখ?
তুমি কি দেখিবে না খেটে খাওয়া এই মানুষের পরলোক?

রক্তচোষার ঐ বুকে হানো আজ প্রলয়-শরের বাণ,
সর্বহারা এই জনতা গাহিবে রুদ্র-ভৈরবী গান!
ভেঙে ফেল আজ শৃঙ্খল-কারা,
অত্যাচারী ওই তখত,
সহিব না আর এই অন্ধকার, জ্বলিয়া উঠেছে রক্ত!
লুটপাটের ঐ রাজপ্রাসাদে বজ্র-নাদে দাও হানা,
শোষকের দল কাঁপুক ত্রাসেতে, মানিবে না কোনো মানা!
লাথি মারো ঐ পাপের সিংহাসনে,
গুঁড়াও শয়তানি,
প্রাণের বদলে আলো ছিনাইব—এই আমাদের বাণী!
ঘুমায়ে থেকো না ওহে জনতা,
ভাঙো আজ এই জড়তা,
গর্জে ওঠো রে প্রলয়-তাণ্ডবে, টুটিয়া এ নীরবতা!
সিংহাসন ওই দাও কাঁপাইয়া ভণ্ড সম্রাটের,
হকের আলোটি না লইয়া ঘরে ফিরিবে না কোনো শের!
অধিকার বুঝে তবে ঘরে ফিরো,
ভয় নাই আর যমেরও,
মগের মুল্লুকে আলো আনিবেই বিপ্লব আবাল-বৃদ্ধ-পামরেরও!
-------------------------------------------------------------------------------------

“অগ্নিপথের অগ্রনায়ক”

    কলমে : মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। -------------------------------------- একাত্তরের অগ্নিস্মৃতি ,...