মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

ছড়িয়ে দাও ধর্মীয় শিক্ষা

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

***************************************************

জাগো ইন্‌সান! জাগো হে ভুবন! ভাঙো গাফেলতি ঘোর,
খোল রে খোল এ অন্ধ দুয়ার, আশেকী ছড়াক ভোর!
ছড়িয়ে দাও রে ধর্মীয় শিক্ষা প্রতিটি মনের কোণে,
মুক্তির আলো জ্বলুক আবার মানবের গহন বনে।
ঐ দেখা যায় শুধু নূর-রেখা,
ঐখানে নীতি শেখা,
ধরায় বেহেশ্‌ত রচনার তরে ওগো সুন্দর, জাগো একা!

আজ দুনিয়ার সন্তান সব ছুটেছে অন্ধকারে,
লাগামহীন ঐ অশ্বের মতো মরে তারা বারে বারে!
কে হিন্দু? কেবা মুসলিম ভাই? কে বৌদ্ধ? খ্রিষ্টান?
দীনের মাঝে লুকিয়ে রয়েছে মানবের মূল প্রাণ!
আখলাক-শিক্ষা বিনে এই ধরা,
হয়ে যাবে শুধু আলো-হীন, খরা,
ধর্মের বাণী বক্ষে জড়াও, ঘুচবে দৈন্য জরা।

আজকের শিশু আলোর পথ যে হারাচ্ছে চিরতরে,
হৃদয়ে তাদের হিংসার বিষ, বেপরোয়া বাস করে!
বেয়াদব হয়ে উঠছে ওরা যে, মানুষকে করে ঘৃণা,
ইনসানিয়ত-হীন মানবতা আজ সুরহারা এক বীণা!
তাই বলি আজ মগজে মগজে,
ছড়াও এ বাণী মহাসমাজে,
ঈমানের আলো জাগিয়ে তোলো রে প্রতিটি কর্ম-কাজে।

মেনে চলে না কো পিতা ও মাতারে, ওস্তাদে শ্রদ্ধা নাই,
দুনিয়ার বিধি, রাষ্ট্রের আইন—সব ভেঙে চলে ভাই!
ওরা যে আজকে ভয়ঙ্কর দানব, ইবলিশ-কালো দূত,
মানুষের মাঝে জাগাও আবার সেই চির-অদ্ভূত—
যেইখানে আছে নীতি ও মানবতা,
ঝরে পড়ে শুধু সুধা-মাখা কথা,
সর্বস্তরের অভিভাবক রে, দূর করো এ ব্যাকুলতা!

ছড়িয়ে দাও রে ধর্মীয় শিক্ষা, ভাঙো এ জড়তা কালো,
সন্তানে দাও মানবিক দীক্ষা, জ্বেলে দাও চির-আলো!

---------------------------------------------------------------------------

 

সোমবার, আগস্ট ১৭, ২০২৬

আরোগ্যের ফরিয়াদ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

********************************

ইয়া ইলাহী! ইয়া রহমান!
লহো
লহো মোদের মোনাজাত,
ঝরুক তোমার আরশের রহমত-বারিপাত!
আজ হাসপাতালের ওই পাণ্ডুর শয্যায়
কেঁদে মরে কাপাসিয়ার এক দরদী প্রাণ,
বিপন্ন আজ মানবতা, স্তব্ধ সাহসী গান।

হে পরোয়ারদেগার!
দল-মত-পথের পাঁচিল ভেঙে যে মানুষ চিনেছিল শুধু মানুষ,
যার বুকে সদা জ্বলত লাল-সবুজের অবিনাশী ফানুস,
সেই জনতা-বন্ধু আজ বড় বড় ব্যথায় কাতর;
আমানত হোসেনের মলিন মুখ দেখে
কেঁদে ওঠে কাপাসিয়ার প্রতিটি ধূলিকণা, পাথর।

প্রভু গো!
তিনি তো শুধু এক সাবেক চেয়ারম্যান নন,
তিনি যে আর্তের আশ্রয়, মজলুমের আপনজন!
যে হাত দিন-রাত বিলিয়েছে শুধু ইনসাফ আর খয়রাত,
যে দিল কেঁদেছে পরের তরে—সারাটি জীবন, সারাটি রাত,
সেই পবিত্র জিসিমের সব ব্যাধি করো হে দূর,
নুপূরের মতো বাজিয়া উঠুক আবার সুস্থতার নূরের সুর।

হে শাফী! হে মহা চিকিৎসক!
দিলে দাও হিম্মত, রূহে দাও বিপুল তাকত,
উন্মুক্ত করো তোমার কুদরতি শিফার দ্বার!
মুক্তিকামী জনতার অগ্রসৈনিক সে,
মুক্তি দাও তারে রোগ-শোকের এই কারাগার হতে এবার।

দাও শিফা, ইয়া রব!
আবার যেন কাপাসিয়ার চত্বরে চত্বরে
গড়জে ওঠে সেই অদম্য সাহসী কণ্ঠস্বর,
ফিরে আসুক আমাদের প্রিয় ভাই, আমাদের ধ্রুবতারা,
তোমার করুণা-আশায় হাত তুলেছি মোরা—আজ দিশেহারা!

-------------------------------------------------------------------

Student

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ************************************** জাগো রে ছাত্র ! জাগো রে...