Thursday, June 25, 2026

সে তো শুধু এক ছলনা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

****************************

মনে কি পড়ে না সেই প্রথম দেখার রাত?
অলৌকিক এক আলোয়
যখন আঙুলের ফাঁকে জড়িয়ে ছিল বিশ্বাসের হাত।
তুমি তো চেয়েছিলে এক চিলতে পবিত্র রোদ,
বিনিময়ে আজ
কেন এই অবহেলার নির্মম প্রতিশোধ?

যে ভালোবাসা
হৃদয়ের স্পন্দনকে সম্মান দিতে জানে না,
মর্যাদা দিতে শেখে না,
বলো তাকে কোন সাহসে ভালোবাসা ডাকো?
সে তো শুধু এক ছলনা।

ভালোবাসা তো ছিল দুহৃদয়ে এক অদৃশ্য কাঁপন,
এক পবিত্র অনুভূতি!
সেখানে লোভ ছিল না,
ছিল শুধু নিঃশর্ত সমর্পণ।
সে এক দীর্ঘ পথ,
এক দীর্ঘ স্নায়ুযুদ্ধের দুর্গ,
যার ছিল না কোনো হিসেবি দেয়াল বা জ্যামিতিক মাত্রা।

অথচ আজ
তুমি সঁপেছিলে তোমার মেঘলতা চুলের সুবাস,
বিনিময়ে পেলে শুধু
এক বুক খাঁ খাঁ দীর্ঘশ্বাস।
যার জন্য তুমি কেঁদেছ ভাঙা চাঁদের আলোয়,
একাকী নিঝুম রাতে,
সে তো মগ্ন ছিল অন্য কোনো ঠাণ্ডা হিসেবের অজুহাতে।

যে চুক্তিতে আজ সম্মান নেই,
শ্রদ্ধার চাদরটুকু গেছে ছিঁড়ে
সেখানে প্রেম পরাজিত।
তবে কেন আর মিথ্যে মায়ায় কাঁদছ তার ভিড়ে?

পরাজিত সৈনিকের মতো
আর কতকাল দাঁড়িয়ে থাকবে দ্বারে?
কতটা রক্তক্ষরণ হলে
তবে ক্লান্তি আসবে তোমার এই জখম মনে?
ছুঁড়ে ফেলো সেই মরীচিকা,
ফিরে এসো নিজের চেনা নির্জন পথে,
নেমে এসো আজই
এই অপমানের জ্বলন্ত লোহার রথ থেকে।

চোখের জল মুছে
একবার তাকাও ওই নীল আকাশের পানে,
যে তোমার প্রেমের পবিত্রতাই বোঝেনি কোনোখানে
আজ বুক চিরে এই পরম সত্য মেনে নাও,
সে কোনোদিনও তোমার ছিল না!
তার ঠোঁটের শেষ হাসি, শেষ নরম স্পর্শ
সবটুকুই ছিল কেবলই এক ছলনা।

------------------------------------------------------------------

খবর নিস হে সন্তান

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*******************************************

ভুলিবি কি করে তুই সেই দরদের কোল?
দুনিয়ার মোহে পড়ে হৃদয়ে যে লাগল দোল!
যাদের রক্তে তোর তনু গড়া,
আজ কেন তারা তোর চোখেতে ছড়া?

হে সন্তান!
পিতা-মাতার খবর নিস রে ভাই,
তাদের চেয়ে আপন তো এই ভুবনে কেহ নাই।

মায়ের উদরে ছিলি নয় মাস দশ দিন,
কেমনে শোধ করিবি সেই জনমের ঋণ?
রাতের পর রাত মা যে জেগেছে তৃষ্ণায়,
আজ কেন বৃদ্ধাশ্রম তাদের ঠিকানা হয়?
বুকের রক্ত জল করিয়া পিতা খাওয়াল তোরে,
আজ কেন সেই পিতা কাঁদে ঘরের এক কোণায় পড়ে?

ওরে পাষাণ!
তোর কি নাইরে কোনো জ্ঞান?
পিতা-মাতার চরণে যে লুকিয়ে আছে জান্নাত-আসমান!

আজ তুই অট্টালিকায় করিস যে বসবাস,
আর তোর জন্মদাতা ফেলে দীর্ঘশ্বাস।
বউ-বাচ্চার আবদারে তুই হচ্ছিস রে মশগুল,
ভুলে গেছিস মূল শিকড়, করিস কত ভুল!
নবীজি বলেছেন, তারা তোর বেহেশত দোজখ,
তাদের কাঁদিয়ে তুই হবি কোন সুখের খোজক?

জেগে ওঠ রে মন!
আর করিস না রে দেরি,
পিতা-মাতার দোয়া ছাড়া নাইরে পারের তরী।

চল ছুটে যাই তাদের চরণে, ধরি তাদের হাত,
ক্ষমা চেয়ে ধন্য করি জীবনের রাত।
রহমানের দয়া ঝরবে তবেই তোর ঘরে,
যদি পিতা-মাতার হাসিতে তোর অন্তর ভরে।

-----------------------------------------------------