Thursday, June 18, 2026

বাবা দিবসের প্রার্থনা

 কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

********************************

তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে
কলম কাঁপে, ভাষা থেমে যায়,
কারণ তুমি কোনো শব্দ নও
তুমি এক মহাকাব্য;
তুমি কোনো অনুভূতি নও
তুমি অনুভূতিরও উৎস।

তুমি ছিলে আমার জীবনের সেই বিশাল বটবৃক্ষ,
যার ছায়ায় দাঁড়িয়ে আমি
ঝড়কে উপহাস করতে শিখেছি।
তুমি ছিলে মরুপ্রান্তরের মুসাফিরের জন্য
শীতল কাওসারের ধারা,
অন্ধকার রজনীর নিঃসঙ্গ আকাশে
ধ্রুবতারা হয়ে পথ দেখানো এক অনন্ত নূর।

হে প্রিয় বাবা,

তোমার দুটি হাত ছিল
আমার ভাগ্যের কিবলা,
তোমার কণ্ঠস্বর ছিল
ভীত হৃদয়ের জন্য আজানের মতো প্রশান্তি।
যখন পৃথিবী আমাকে প্রত্যাখ্যান করেছে,
তখন তোমার বক্ষ ছিল
আমার জন্য নিরাপদ হারাম।

তুমি ছিলে সেই দরিয়া,
যে নিজে শুষ্ক হয়ে
সন্তানের তৃষ্ণা নিবারণ করে।
তুমি ছিলে সেই শমা,
যে নিজে জ্বলে জ্বলে
অন্যের জীবন আলোকিত করে।
তুমি ছিলে সেই গুলিস্তানের গোলাপ,
যার শরীর ক্ষতবিক্ষত হলেও
সুবাস বিলিয়ে যায় নিরবধি।

আমি দেখেছি
রাতের শেষ প্রহরে
তোমার সিজদারত অবয়ব,
দেখেছি সন্তানের জন্য
চোখের কোণে জমে থাকা অশ্রুর শিশির।
দুনিয়া দেখেছে তোমার কঠোর মুখ,
আর আমি দেখেছি
সেই মুখের আড়ালে লুকিয়ে থাকা
রহমতের সমুদ্র।

বাবা,

তোমার কপালের প্রতিটি ভাঁজ
একেকটি যুদ্ধের ইতিহাস,
তোমার শুভ্র কেশরাশি
সময়ের লিখে যাওয়া ত্যাগের কাসিদা।
তোমার পদচিহ্নের উপর ভর করেই
আমি জীবনের সড়ক অতিক্রম করেছি,
তোমার দোয়ার পাখায় ভর করেই
উড়েছি স্বপ্নের আকাশে।

আজ যখন আয়নার সামনে দাঁড়াই,
নিজের মুখে তোমার ছায়া দেখি।
নিজের কণ্ঠে তোমার প্রতিধ্বনি শুনি।
তখন বুকের ভেতর এক অদ্ভুত হুজুন জাগে
একদিন আমিও বৃদ্ধ হবো,
কিন্তু তোমার মতো মহান হতে পারবো কি?

হে আমার প্রিয় বাবা,

তুমি পৃথিবীর বুকে আল্লাহর দেওয়া
সবচেয়ে সুন্দর নিয়ামত,
সবচেয়ে পবিত্র আমানত।
তোমার ভালোবাসা ছিল
শীতের কুয়াশায় জেগে থাকা উষ্ণ সূর্য,
বর্ষার ঝড়ের মাঝে জ্বলতে থাকা বাতিঘর,
আর জীবনের সাহারায় ফুটে থাকা
একমাত্র গোল--মুহাব্বাত।

আজ বাবা দিবসে
আমার রূহের সমস্ত দুয়ার খুলে
আমি শুধু এই মুনাজাত করি

হে রব্বে কারীম!
আমার বাবার জীবনে বর্ষণ করো
রহমতের বৃষ্টি,
সাকিনার সুবাতাস,
আফিয়াতের গোলাপবাগান।

হে প্রিয় বাবা,
তুমি আমার হৃদয়ের মেহরাবে জ্বলতে থাকা চিরন্তন চিরাগ;
যতদিন বেঁচে থাকি,
ততদিন তোমার নামই হবে
আমার শ্রেষ্ঠ দোয়া,
আমার শ্রেষ্ঠ কবিতা,
আমার শ্রেষ্ঠ ভালোবাসা।

তোমার ঋণ শোধ করার সাধ্য আমার নেই,
তাই আজও প্রতিটি সিজদায়,
প্রতিটি অশ্রুবিন্দুতে,
প্রতিটি মুনাজাতে
তোমার জন্যই উচ্চারিত হয় আমার প্রার্থনা

"রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগীরা।"

---------------------------------------------------------------------------


No comments:

Post a Comment