Wednesday, June 24, 2026

উত্তর কি আছে জানা হে নেতা?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*****************************************

কারা বলে তুমি দেশের সেবক?
কারা বলে তুমি ত্রাতা?
লজ্জায় আজ হেট হয়ে যায় জনতার মাথা!
নেতৃত্বের মুখোশ পরিয়া আসিয়াছ দস্যুর বেশে,
লুটপাট করিয়া শ্মশান বানিয়েছ এই দেশে!
তুমি মীরজাফরের রক্ত-বীজ,
স্বার্থের তরে বেচিয়াছ নিজ
ঈমান, ধর্ম, দেশের মান,
তুমি মববাদের স্রষ্টা অধম, পিশাচের সন্তান!

জনতা আজ কেন চমকায়?
নেতা দেখিলেই ভয়ে পালায়?
খুন হয়ে গেছে কবে সাম্যের গান,
পাড়া-মহল্লায় বিভেদের বিষ ঢালিতেছ অবিরাম।
তোমাদের ছত্রছায়ায় চলে চাঁদাবাজি আর খুন,
তুমি লাগায়েছ এই রুগ্ন রাষ্ট্রে সর্বনাশা আগুন!
ফ্যাসিবাদ আর স্বৈরাচারের তখত্ করেছ খাড়া,
ওরে জালিম নেতা, জবাব কি আছে? দিশেহারা আজ পাড়া!

জনতার রক্তে রাঙালে তোমার গদির পায়া,
চারিদিকে শুধু হাহাকার আর লাশের দীর্ঘছায়া!
তুমি গুম করো, খুন করো, কেড়ে নাও বাক-স্বাধীনতা,
ইতিহাসের পাতায় পাতায় লেখা তোমার বর্বরতা!
তুমি চেয়েছ ভয়ার্ত এক দাস-সমাজ,
লজ্জা করে না পরিতে মাথায় রাজ-তাজ?
অলি-গলি আর পরিবারে তুমি ছড়ালে হিংসার বীজ,
ভণ্ডামির এই নাট্যমঞ্চে তুমিই তো প্রধান কূটিজ!

তুমি স্বাধীনতাবিরোধী, ছলনাকারী, ধূর্ত, কপট, কালো,
তোমার দাপটে নিভে গেছে আজ সত্যের যত আলো।
সেবক হওয়ার শপথ করিয়া হয়েছ রক্তচোষা,
বুকের ভেতর জমিতেছে আজ কোটি জনতার রোষা!
ওরে ভণ্ড!
ওরে দেশদ্রোহী!
ওরে মব-জননী!
শোনরে শোন, বাজিতেছে আজ প্রলয়-শঙ্খধ্বনি!
জনতার আদালত ভাঙিবে তোমার অহংকার,
উত্তর কি আছে জানা হে নেতা?
জবাব চাই এবার!

---------------------------------------

 

No comments:

Post a Comment