মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

সন্তানকে শিক্ষা দাও হে অভিবাক

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*************************************

মহাকালের হে অভিভাবক!
শোনো হে রাষ্ট্রের কর্ণধার!
তোমাদের দ্বারে গর্জায় আজি অনাগত ভবিষ্যৎ-ভার।
কোলেতে যে শিশু হাসে নিষ্পাপ,
বুকে তার দাও বল,
উচ্চকণ্ঠে শেখাও তাহারে—কে সেই ‘রব’ অতল!
প্রথম পাঠেই জপাও তাহারে সৃষ্টিকর্তার নাম,
যাঁর পানে ধায় নিখিল বিশ্ব, সকাল-সন্ধ্যা-শাম।

বলো তারে—
“
বাছা, এ ধূলির ধরা চিরদিন রবে নাকো,
ক্ষণিকের তরে মুসাফির তুমি, এই কথা মনে রাখো।”
মৃত্যু-তুফানে তরণী বাহিয়া ফিরিতেই হবে ঘরে,
হিসাব দিতে হবে সে রবের, কাজের এ চরাচরে।
ভালো বা মন্দের বীজ যা বুনিবে এই ক্ষণভঙ্গুর ভুঁইয়ে,
অনন্তকালে ফলিবে সে ফল, রাখিবে পরশ ছুঁইয়ে।

মানুষ হইতে শেখাও তাহারে,
শেখাও মানবিকতা!
বক্ষে জাগুক বিশ্ব-প্রেমের চির-অম্লান প্রথা।
পবিত্র হোক চরিত্র তাহার,
বজ্রের মতো দৃঢ়,
মুক্তকণ্ঠে বলুক সে সত্য, চূর্ণ করুক ভীরু!

মিথ্যার কালি ছুঁড়ে ফেলে দিয়ে,
সত্যের মশাল জ্বেলে—
ছোটদের বুকে টানিতে শেখাও গভীর স্নেহের হেলে।
বড়দের পদে নত হোক শির শ্রদ্ধার উপহারে,
অপমান আর অপদস্থের বিষ যেন সে না ছাড়ে।
সাম্যের গান গাইতে শেখাও,
ভাঙো ভেদাভেদ-প্রাচীর!
মানুষের চেয়ে বড় কিছু নাই—বলো এ মন্ত্র চির।

সামাজিক জীব সে যে!
সমাজের বুকে ছড়াবে সে আলো-আভা,
অসৎ বন্ধুরে দূরে ঠেলে দিক, জাগুক তাহার প্রতিভা।
ছিন্ন যেন না করে কভু সে রক্তের আত্মীয়তা,
প্রতিবেশীর সাথে সদাচারে রাখুক মধুর নীরবতা।
পিতা-মাতার চরণ-ধূলিরে করুক সে শিরোভূষণ,
তাঁহাদের সেবা-ভক্তি মাঝারে খুঁজুক আত্মধন।

অন্যায়ের সাথে আপসহীন সে—
চণ্ডাল রূপধারী!
জুলুমের তখত কাঁপিয়ে দিক সে হয়ে এক মহাবীর!
সত্য ও ন্যায়ের রাজপথে যেন নির্ভয়ে চলে একা,
আদর্শিক সে জননেতা হয়ে দিক পৃথিবীর দেখা।
স্বদেশের ধূলি সুবর্ণ তাহার,
স্বদেশের প্রতি প্রীতি—
ঈমানের অঙ্গ, শেখাও তাহারে এই মহাজয়ী গীতি।

শেখাও তাহারে বিজ্ঞান-জ্ঞান,
বিশ্ব-প্রকৃতি-পাঠ,
লাঙল-কলম-তুড়ি মেরে হোক জয়ী জীবনের মাঠ।
পরনিন্দা ও হিংসা-বিদ্বেষ চূর্ণ করুক পায়ে,
ক্ষমা ও ধৈর্যের চাদর জড়াক তপ্ত-ক্লান্ত গায়ে।
শ্রমিকের ঘাম, কৃষকের গান বুকে যেন নেয় তুলি,
দুর্গত-দুঃখীর পাশে গিয়ে যেন মুছে দেয় চোখের ধূলি।

হে অভিভাবক! হে অন্ধ রাষ্ট্র!
জাগো তবে এই বেলা,
মানুষ গড়ার কারখানাতে আর করিও না অবহেলা।
রবের প্রেমেতে মজে যে সন্তান, দেশেরে যে বাসে ভালো,
তাহার ললাট-তিলকই ঘুচাবে বিশ্ব-তিমির-কালো!

-------------------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...