Wednesday, June 24, 2026

তুমি এক মৃত্যুঞ্জয়ী চেতনা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

******************************************

তুমি শুধু পাথরের এক মৌন ভাস্কর্য নও,
তুমি এক জীবন্ত ইতিহাস,
কথা কও।
কাপাসিয়ার বাসস্ট্যান্ড মোড়ে,
তাজউদ্দীন চত্বরে,
তুমি এক মূর্তপ্রতীকচেতনার দীপ জ্বেলে রাখো ঘরে ঘরে।

তুমি প্রেরণার স্মৃতিস্তম্ভ!
বাংলার অস্তমিত সূর্যের নব উৎস,
লাল-সবুজের উদিত সূর্য।
পরাধীনতার শৃঙ্খল ভেঙেছিলে তুমি,
তুমি কালজয়ী উপমা।
ঘাতকেরা চেয়েছিল তোমায় নিঃশেষ করতে,
অথচ তোমার কীর্তি হলো আরও সুদৃঢ়!
তুমি নেই,
তবু তুমি চিরঞ্জীব,
মৃত্যুঞ্জয়ী এক আলোকবর্তিকা।
ইতিহাসের মহাকাব্যে ধরা তোমায় ধারণ করেছে সগৌরবে।

তুমি হৃদয়ের স্পন্দন,
শিরা-উপশিরার রক্তবিন্দু!
মুক্তিকামী জনতার তুমিই ছিলে মুক্তির সেনানী।
তুমি দিয়েছিলে লাল-সবুজ পতাকা,
তাই আজ বুক উঁচিয়ে বলি
আমরা স্বাধীন,
আমরা এক স্বাধীন জাতি,
আমার সোনার বাংলা আমার গান।
তোমার রক্তে লেখা হলো দেশপ্রেমের অনন্য কবিতা,
তুমি আছো কাপাসিয়ার বুকে।

পৃথিবী যতদিন থাকবে,
তুমি রবে শীতলক্ষ্যার প্রতিটি জলরাশির প্রবাহে।
ফুল কাননের সুবাসে,
আম-জাম, কাঁঠাল-আনারসের ঘ্রাণে।
সুজলা-সুফলা শস্য-শ্যামল সবুজ মাঠের তরঙ্গে,
গাঁয়ের মেঠো পথে, হাটে-বাজারে,
তরুণ-তরুণীর স্পন্দিত হৃদয়ে,
ইতিহাসের প্রতিটি অক্ষরে,
লাল-সবুজের প্রতিটি বুননে।

তুমি অক্ষয়!
তুমি কাপাসিয়া থেকে উঠে আসা শোষিত, বঞ্চিত,
পরাধীন জাতির মুক্তিকামী জনতার স্বপ্নীল মহাকবি।
রক্তে লেখা লাল-সবুজের স্বাধীন পতাকা
তোমাকে স্যালুট হে অকুতভয় মুক্তিযুদ্ধের সংগঠক!
তুমি শুধু একটি ভাস্কর্য নও হে বঙ্গতাজ তাজউদ্দীন আহম্মেদ,
তুমি এক মৃত্যুঞ্জয়ী চেতনা,
অবিনাশী প্রেরণা,
স্বাধীন বাংলার পটভূমি।

-------------------------------------------------------

 

 

No comments:

Post a Comment