বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

মা, আমি কোথায় যাব?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

---------------------------------------------

বাবা কত অনুনয় করল—
"
মা, আমি কোথায় যাব?
এই বৃদ্ধ বয়সে,
এই অসুস্থ শরীরে,
আমাকে ঘর থেকে তাড়িয়ে দিস না!"

কিন্তু করুণা জাগল না কারো হৃদয়ে।
চোখের জলে ভিজে গেল
পুরোনো সেই পাঞ্জাবিখানা,
কাঁপা হাতে চোখ মুছতে মুছতে
বেরিয়ে গেলেন তিনি
অজানা এক পথের উদ্দেশে।

যে হাত ধরে
হাঁটি হাঁটি পা পা করে
একদিন পৃথিবী চিনেছিল ছোট্ট মেয়েটি,
আজ সেই হাতই কাঁপে
লাঠির আঘাতে।

যে বাবা
পায়ের রক্ত মাথায় তুলে,
মাথার ঘাম পায়ে ফেলে,
ক্ষুধা লুকিয়ে,
স্বপ্ন বুনেছিলেন মেয়ের চোখে,
মানুষ করেছিলেন,
শিক্ষিত করেছিলেন,
প্রতিষ্ঠিত করেছিলেন—
আজ সেই বাবাই
নিজের ঘরে পরবাসী!

স্ট্রোকে জর্জরিত,
শরীরের ভারসাম্য হারানো
এই বৃদ্ধ মানুষটিকে
নিজের মেয়েই নাকি
লাঠি হাতে তাড়িয়ে দিল ঘরছাড়া করে!

কোথায় যাবে তিনি?
রোদে পোড়া কোনো পথের ধারে?
বৃষ্টিভেজা কোনো গাছতলায়?
নাকি রাতের অন্ধকারে
এক টুকরো আশ্রয়ের খোঁজে
ঘুরে বেড়াবে নিঃসঙ্গ পাখির মতো?

আর যে স্ত্রী,
পঞ্চাশ বছরের সংসারের সাথি,
সুখ-দুঃখের সহযাত্রী,
সেই তিনিও আজ
মেয়ের পাশে দাঁড়িয়ে
রাস্তার দিকেই দেখিয়ে দিলেন পথ!

কত নির্মম এই পৃথিবী!
কত নিষ্ঠুর এই সময়!

শিক্ষার ডিগ্রি আছে,
কিন্তু হৃদয়ের শিক্ষা কোথায়?
জ্ঞান আছে,
কিন্তু মানবতা কোথায়?

আজ বৃদ্ধ পিতার চোখের জলে
ডুবে যায় সভ্যতার অহংকার,
আর প্রশ্ন জাগে বারবার—

সন্তান মানুষ করার
পুরস্কার কি তবে এ-ই?
স্নেহ, মায়া, মমতা,
ত্যাগ আর ভালোবাসার
শেষ পরিণতি কি
এক মুঠো অপমান?

হে মানুষ,
বৃদ্ধ বাবার কাঁপা চোখের দিকে তাকাও—
সেখানে আজও সন্তানের জন্য
অভিশাপ নেই,
আছে শুধু নিঃশব্দ কান্না,
আর এক অসহায় পিতার
শেষ আর্তনাদ—

"মা, আমি কোথায় যাব?"।

-------------------------------------------------------

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...