সোমবার, জুন ১৫, ২০২৬

অহেতুক উন্মাদনা

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

*********************************************

হুজুগে বাঙালি মেতেছে আবার! ভুলেছে আপন ঘর!
এসেছে ফুটবল বিশ্বকাপ— আমরা ছুটেছি কই?
আপন সত্তা বিকিয়ে দিয়েছি চামড়ার এক বলে!
মহল্লায় আজ ভিনদেশি নিশান আকাশে উড়িয়ে হাসে,
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের পতাকাটি কাঁদে পাশে!
কোথায় স্বদেশী প্রীতি?
কোথায় রে নীতি?
দেশপ্রেম আজ বিপন্ন, ম্রিয়মাণ!

ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে পাড়ায় পাড়ায় রণ,
জার্মানি আর ফ্রান্স স্মরণে অন্ধ এ কেমন পণ?
মেসি-নেইমার-এমবাপ্পে তরে অলি-গলি তোলপাড়,
ভুলে গেছি মোরা আত্মপরিচয়, ভুলেছি আপন ঘর!
শ্লোগানে-মিছিলে ঝরে অহেতুক ঘাম,
রক্তারক্তি মারামারি ধুমধাম!
উন্মাদনায় মেতেছে পাড়া,
বিবেকহীন এ কোন্ সাহারা?
বিশ্বকাপ ফুটবল নিয়ে কেন দিতে হবে তাজা প্রাণ বিসর্জন?

পড়ালেখা চুলোয় গেছে!
সারারাত জেগে আছে!
চোখের নিচে কালি— মুখে শুধু গালি!
বড়দের মুখে তর্কের ঝড়, ছোটরা মেতেছে রণে,
অপকর্মে মেতেছে যুবসমাজ,
লজ্জাহীন এ কোন্ কাজ?

সাপোর্ট করাই যায় যে কাউরে— তাতে নাই কোনো মানা,
কিন্তু কেন রে অন্ধ আবেগ? বিবেক কেন অজানা?
পতাকা টানাতে ছাদ থেকে পড়ে কেন ঝরে যাবে প্রাণ?
ফুটবল বিশ্বকাপ যেন কেড়ে না নেয় আমাদের হোঁশ-জ্ঞান!

ওরে ওরে আত্মভোলা!
চোখ দুটো কর খোলা!
জেগে ওঠ আজ হে তরুণ দল, ছাড়ো এই উন্মাদনা!
খেলার মাঠেতে থাকুক খেলা, ঘরে যেন শোক নামে না!
আপন সত্তা রাখো সমুন্নত, দেশেরে বাসিও ভালো,
হুজুগের এই আঁধার কাটিয়ে ছড়াও বোধের আলো!

--------------------------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...