বুধবার, জুন ১০, ২০২৬

এই কি তোর শিক্ষা?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা,

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*************************************

কাগজের ওই ডিগ্রি তো নয়,
ও তো স্রেফ ছাই!
ভেতরে যদি মানুষ না জাগে—
তবে শিক্ষার কোনো দাম নাই!

বুক ফুলিয়ে ঘুরছিস তোরা,
পকেটে ভরা টাকা,
ভেতরে তোদের পশুর বাস,
বিবেকটা গেছে ঢাকা!

ওরে ও ডিগ্রিধারী!
তুই ডাক্তার হ,
ইঞ্জিনিয়ার হ,
কিংবা কোটিপতি, শিল্পপতি,
জাঁদরেল উকিল, ব্যারিস্টার,
রাজনীতিবিদ, হুজুর মাওলানা কিংবা শিক্ষক—
যাই হোস না কেন তুই এই দুনিয়ায়,
কী মূল্য আছে তার,
যদি তোর মনুষ্যত্ববোধই মরে যায়?
বল্ দেখি ভাই, এই কি তোর শিক্ষা?

তোর জ্ঞানের আলোয় কেন তবে আজ আঁধারে কাঁদে দেশ?
কেন শোষকের বেশে চুষে খাস শ্রমিকের ঘামের শেষ?
তুই মববাজি করিস,
ফ্যাসিবাদের জল্লাদ সাজিস,
রাজকোষ চুরি করিস,
টাকা পাচার করিস,
অত্যাচারী সাজিস অহরহ!
মিথ্যার কারবার,
বিশ্বাসঘাতকতা,
দেশবিরোধী তোর এই বিদ্রোহ!
বল্ তো দেখি, এই কি তোর শিক্ষা?

পরের ধন লুটে আজ বুক ফুলাস,
আর জন্ম দেওয়া বৃদ্ধ পিতা-মাতাকে কষ্ট দিয়ে পাঠাস বৃদ্ধাশ্রমে!
আত্মীয়-স্বজনের প্রতি তুই নির্দয়,
বুকটা তোর পাথরে গড়া,
তোর এই পিশাচ রূপ দেখে
আজ সমাজটা ছারখার হওয়া!
রে পাষাণ, এই কি তোর শিক্ষা?

ধিক্ ওরে ধিক্,
শত ধিক্ তোকে!
তোর এই সুশিক্ষার মুখে মারি জুতো,
ছিঁড়ে ফেলি ওই কাগজের সনদ,
মানুষ ঠকিয়ে যে জ্ঞান পেয়েছিস—
তা তো বিষাক্ত মদ!
এ শিক্ষা জাতির কলঙ্ক,
প্রকৃত শিক্ষার চরম অপমান,
যে শিক্ষা মানুষকে মানুষ করে না,
তা তো পশুরই জয়গান!

আমি চাই না ওমন কলঙ্কিত আলো,
তার চেয়ে ঢের আঁধারও যে ভালো।
আমি চাই না কোনো ফাঁপা সনদ,
আমি চাই সে আলোক-শিক্ষা—
যা মানবিক মূল্যবোধে গড়া,
শিক্ষিত, জ্ঞানী ও গুণী প্রাণ!
যার মধ্যে থাকবে
মানব মুক্তির আলো,
যা মানুষকে ভালোবাসতে শেখায়,
ভেতরে জাগায় সাম্যের গান!

হৃদয় হোক আসল বিদ্যালয়,
চেতনা হোক চির উন্নত,
মানবিকতার এই মহাতীর্থে
সব ভণ্ডামির মাথা হোক আজ অবনত!

--------------------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...