বৃহস্পতিবার, মে ০৭, ২০২৬

আমার আশঙ্কা

 আমার আশঙ্কা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************
শুনো হে জাতি, শুনো হে স্বদেশ! সত্যের এই দুর্দিনে,
জ্ঞানী-গুণী আজ অপমানিত লুণ্ঠিত এই অঙ্গনে।

যদি সম্মানী পায় লাঞ্ছনা আর বিদ্বান পায় ভয়,
তবে নিশ্চিত জেনো হে জাতি— পথের দিশা হারাবে নিশ্চয়!
বসবে না আর যোগ্য কেইবা রাষ্ট্রের এই মসনদে,
চাইবে না কেউ কান্ডারী হতে সমাজের এই মহাবিপদে।

দিকে দিকে আজ চলছে একি এ অপদস্তের মহোৎসব?
বিবেক আজ নিথর-নিথর, ক্ষমতা কেন নীরব?
রাষ্ট্রের রন্ধ্রে জেগেছে আজ কোন ভয়ঙ্কর বিষধর?
প্রতিদিন বলি হচ্ছে জ্ঞানীরা, হচ্ছে শিক্ষক সকাতর।

হিংসা আর প্রতিহিংসার চলছে বিষাক্ত প্রতিযোগিতা,
কে কাকে দেবে কত গ্লানি, কে ছিঁড়বে কার মানচিত্রের পাতা!
অশুভ শক্তির কালো ছায়ায় নাগরিক অধিকার আজ ধূলিসাৎ,
মানবিকতা আজ ডুকরে কাঁদে, নেই যে কারো বজ্রাঘাত!

ন্যায়বিচার যে রুদ্ধ দ্বারে, কবির কলম আজ স্তব্ধ,
মুক্তচিন্তা আজ শৃঙ্খলিত, স্বাধীনতা আজ এক শব্দ!
জনতার মনে বিভীষিকা আর দিকে দিকে মব-বাদ,
স্বৈরাচারী স্টিমরোলার দিচ্ছে যে কেবলই বিষাদ।

পতাকাটা শুধু রয়ে গেছে আজ লাল আর সবুজে আঁকা,
পরাধীন হয়ে গুমরে মরছে জননী আর স্বত্বা ঢাকা।
এই যদি হয় তন্ত্র-মন্ত্র, এই যদি হয় শেষ—
তবে অন্ধকারে পথ হারিয়ে হারাবে বাংলাদেশ।

আমার মনে বড় ভয় জাগে, জাগে দারুণ এক আশঙ্কা,
যোগ্যবিহীন এ জাতি বুঝিবা— হারাবে তার সব লঙ্কা!
----------------------------------------------------------

অসমাপ্ত স্বপ্ন

 অসমাপ্ত স্বপ্ন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************
হিমেল রাতের নিঝুম প্রহরে, কুয়াশা যখন ডানা মেলে,
তুমি এলে চুপিচুপি, ঠিক চেনা সেই পথটি ফেলে।

হাতে একগুচ্ছ তাজা গোলাপ, স্নিগ্ধ তার ঘ্রাণ—
ত্রিশ বছরের নীরবতা ভেঙে, জুড়ালে মোর প্রাণ।
শিউলি ঝরা ঘাসের পরে, বসলে তুমি এসে,
বললে আমায় ‘জেগে ওঠো’, দুচোখ ভরে হেসে।

“এই নাও গোলাপ, এই নাও ভালোবাসা”—বললে কাতর স্বরে,
হারানো সেই দিনের কথা, আজো কি মনে পড়ে?
ছলছল চোখে তাকিয়ে রইলাম, ভাষা নেই মোর মুখে,
বিস্ময় আর ব্যথার নদী, আছড়ে পড়ে বুকে।

কতটা ঋতু পেরিয়ে গেছে, নেই কথা, নেই দেখা—
আমি ভেবেছি তুমি সুখে আছো, আমিই কেবল একা।
কাঁদলে তুমি ব্যাকুল হয়ে, ধরলে আমার হাত,
বললে, “তোমায় ভুলিনি গো, কেঁদেছি কত রাত।

হয়তো মুখে বলা হয়নি, ছিল অনেক ভয়,
অন্তর আমার তোমার শূন্যতায় ডুকরে ডুকরে সয়।”
প্রেমের দাবি, মায়ার দাবি, হাতে গোলাপের ভার—
আরেকটু কাছে আসতে গিয়েই, আঁধার হলো সবাকার।

ঘুম ভাঙলো, ভাঙলো স্বপন, হাতটা হলো খালি—
হৃদয় জুড়ে জমে রইল বিষাদ-মেঘের কালি।
প্রকৃতি আজো শান্ত বড়, চাঁদটা মেঘে ঢাকা,
অসমাপ্তই রয়ে গেল স্বপ্ন-রঙে আঁকা।

ব্যথায় ভরা এই জীবনে, শুধু প্রশ্ন জাগে মনে—
সত্যি কি আজো ভালোবাসো আমায়? তাই কি এলে স্বপনে?
--------------------------------------------------------

মঙ্গলবার, মে ০৫, ২০২৬

নিভেছে উনুন

 নিভেছে উনুন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************

ওরে কাণ্ডারী, চেয়ে দেখ আজ রান্নাঘর স্তব্ধ,
ঘরে ঘরে শুধু ক্ষুধার্ত পেটে হাহাকারের শব্দ।
আগুনের চেয়ে চড়া দামে আজ বিকোচ্ছে এলপিজি,
সিন্ডিকেটের মরণ-ফাঁদেতে জীবন হয়েছে হিজিবিজি।

আয় আর ব্যয়ে যোজন ফারাকে সংসার চলে না আর,
জনতার চোখে শ্রাবণ নেমেছে, পিঠে বঞ্চনার ভার।
এখনো শাসক ফেরোনি তো তুমি শোষিত মাটির কাছে,
জেনে রেখো এই আগ্নেয়গিরি তোমার বিরুদ্ধেই জাগছে।

নিভেছে উনুন, রিক্ত আলয়, অন্ধকার গৃহকোণ,
মূল্যবৃদ্ধির নিঠুর আঘাতে কাঁদিছে পরিজন।
যে দাম বাঁধিলে, তাহার অধিক নিল যে সিন্ডিকেট,
কেমনে জুড়াবে অন্ন ব্যতিরেকে অভুক্ত সেই পেট?

হে রাজাধিরাজ, জনতার মাঝে এখনো ফেরনি তুমি,
তৃষিতের চোখের জলে ভিজেছে তোমারি রাজ্যভূমি।
ফিরে এসো তবে মর্ত্যের টানে, রাখো এ বিনীত মিনতি,
নতুবা রুদ্র জনতা ডাকিবে তোমারি প্রলয়-গতি।
------------------------------------------------- 


২৬-০৪-২০২৬

আবার ফিরেছে হারিকেন

 আবার ফিরেছে হারিকেন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
বিদ্যুৎ-হীন এ মায়ানগরী, লাজ নেই মোর ধিক্কারে?
অন্ধকারে ডুবেছে দেশ, প্রশ্ন জাগে এ অন্তরে।
হে রাজ্যের কর্ণধার! আঁখি মেলি তুমি দেখে যাও—
বিদ্যুতের এই যুগেও কেন আবার ফিরেছে হারিকেন?

খাম্বা দাঁড়িয়ে শ্বেতহস্তী, তার আছে জাল বিছানো,
অফিস-আদালত, কলকারখানা সব যে আজিকে জুড়ানো!
মেশিন চলে না, চাকা ঘোরে না, জনতা আজিকে হতাশ,
লজ্জা! লজ্জা! ঘরে ঘরে কেন আবার ফিরেছে হারিকেন?

দাও কারেন্ট, দাও অধিকার— এ মোর প্রাণের দাবি,
নইলে গদি ছাড়ো হে কান্ডারী, তুমি কি আঁধারের চাবি?
কৃষক কাঁদে রে, ফসল পুড়ে রে, ছাত্রীর চোখে জল—
আলোর যুগেও অভিশাপ হয়ে আবার ফিরেছে হারিকেন!

আমি তো দিই কর, ভূমি-রাজস্ব, আমি তো দেশপ্রেমী,
স্বাধীন দেশের নাগরিক হয়ে কেন এ দাসের জমি?
আমি গাই গান ‘সোনার বাংলা’র অমিয় মধুর সুরে,
তবে কেন মোর মৌলিক অধিকারে আবার ফিরেছে হারিকেন?

জবাব দাও আজ কান্ডারী, আমি যে বীরের রক্ত,
সাম্যের গান গেয়েছি যে পথে, সেই পথে আমি শক্ত!
আমার স্বাধীনতা কোথায় হারালো? কেন এ নির্বাসন?
মিষ্টি কথার আড়ালে কেন আবার ফিরেছে হারিকেন?

রক্ষা নাই রে, রক্ষা নাই রে— যদি জাগে বিদ্রোহী প্রাণ,
অধিকার দাও, নইলে ছাড়ো গদি— হোক আঁধারের অবসান।
লাজ! কি লজ্জা! এই বিভীষিকা সইবে না আর কেউ—
বিপ্লবী আজ জনতা, কারণ আবার ফিরেছে হারিকেন!
----------------------------------------------------------------------


২৬-০৪-২০২৬

তেল নাই ,তেল দে

 তেল নাই ,তেল দে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************
হে কাণ্ডারি! পাম্পে পাম্পে হাহাকার—তেল নাই!
রিকশা-গাড়ি থমকে গেছে, শ্রমিকের আর রক্ষা নাই।
বিন্দু বিন্দু ঘাম ঝরে আজ তপ্ত পিচের পথে,
হস্তী চড়ে সিন্ডিকেট সব, জনতা মরে রথে।

তেল দে রে ভাই, তেল দে!
নইলে বুকের রক্ত দেব—রক্তে রাঙা খেল দে!
পাম্পের দ্বারে কাতারবন্দী ক্ষুধার্ত সব গাড়ি,
পকেট খালি, কলিজা জ্বলে, বাড়ছে দাঙ্গা-আড়ি।

একটু তেলের তরেই দেখো রক্তারক্তি কাণ্ড,
তেলের অভাবে থমকে গেছে মিথ্যে এ ব্রহ্মাণ্ড!
ভাইয়ে-ভাইয়ে হানাহানি, লাঠালাঠি আর গালি,
সব লুটে নেয় সিন্ডিকেট ঐ—মারছে যারা তালি।

অনিয়মের রাজত্বে আজ নিয়ম ডুকরে কাঁদে,
জনগণের হাড় দিয়ে সব তেলের বোতল বাঁধে।
চাষার লাঙল চলে না আর, কারখানাতে তালা,
তেলের তেজে বাড়ছে শুধু নিত্যপণ্যের জ্বালা।

বাজার আগুন, ঘরে আঁধার, থমকে আছে দেশ—
ক্ষুধা-অনলে পুড়ছে মানুষ, স্বপ্ন হলো শেষ।
জাগো হে জনতা! অধিকারহারা অবাধ্য বিদ্রোহী,
লুটেরাদের দুর্গ ভেঙে হও আজ রণজয়ী।

তেল যারা লুকায় গুদামে, তাদের টুটি চেপে ধরো,
বঞ্চিতদের মিছিলে আজ বজ্রকণ্ঠে স্বর করো।
আর কতকাল সইবে অনিয়ম, আর কতকাল মার?
তেল না দিলে জ্বালিয়ে দাও সব মিথ্যে অহংকার!

তেল দে রে ভাই, তেল দে!
নইলে বিপ্লব আনব মোরা—অন্যায়ে দাও জেল দে!
----------------------------------------------------

জাগো আজ হে রুদ্র-জনতা

 জাগো আজ হে রুদ্র-জনতা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
--------------------------------------------
বন্ধু, তুমি বলেছিলে—
ফ্যাসিষ্ট গেছে, অসুর দানিয়া শান্ত হবে এ দেশ,
রক্ত দিয়ে যে মুক্তি আনলে, সে কি এই অবশেষ?
ত্যাগের রক্তে আল্পনা আঁকা রাজপথ আজ কার?
সেথায় কেন আজ মব-এর দাপট, ভয়েরই হাহাকার?

দূর্ণীতিবাজের আসন কি তবে শুধু নাম পাল্টালো?
অন্ধকারে যে প্রদীপ জ্বাললে, সে কি বিষ-শিখা জ্বাললো?
ওরে ওরে মোর বিংশ শতাব্দীর বীর মুক্তিকামী,
দ্যাখ চেয়ে আজ আদালতে চলে অরাজকতারই নামি।

অফিসের টেবিলে ফাইল আটকে ঘুষের সেই চাকা—
গণতন্ত্রের মুখোশ পরে এ কোন দস্যুর আঁকা?
জনতার আজ অধিকার হরণ, লাঞ্ছিত রাজপথ,
বৈষম্যের বিষবাষ্পে থমকে আছে কি রথ?

কই সে সাম্য? কই সে মুক্তি? কই সে গণতন্ত্র?
দিকে দিকে শুধু ভয় আর ভীতি—এ তো মারণমন্ত্র!
টুপিখোলা আজ হুকুম দিচ্ছে, আইন গিয়েছে নুইয়ে,
এক ফ্যাসিষ্টের ছায়া কি তবে অন্যকে দিচ্ছে ছুঁইয়ে?

মব-এর হাতে বিচার যখন, বিচারালয় স্তব্ধ,
বিপ্লব তবে কি কেবলই কিছু ফাঁপা আর শূন্য শব্দ?
জাগো বীর নজরুল—জাগো ফের তব প্রলয় শিখা লয়ে,
কলম ধরো ঐ বৈষম্য আর মব-এর পরাজয়ে।

জেগে ওঠো আজ নব প্রজন্মের অকুতোভয় প্রাণ,
মুক্ত করো এ শৃঙ্খল তলে রুদ্ধ দেশের মান।
অরাজকতা নিপাত যাক, আসুক সাম্যের সূর্যোদয়,
জনতার জয় হোক আজ—ভয়তন্ত্রের হোক বিলয়!
----------------------------------------------------


২৩-০৪-২০২৬

বিদ্যুৎ নাই, বিদ্যুৎ দে

 বিদ্যুৎ নাই, বিদ্যুৎ দে

কলমেঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************
ওরে ও শাসক! ওরে ও কাণ্ডারী! জাগো রে সুপ্ত হিয়া,
বাংলা আজিকে আঁধারে ডুবিছে, তিমির-সলিল পিয়া।
ঘরে ঘরে আজি হাহাকার ওঠে, শ্মশান-শান্ত পুরী,
তোর প্রদীপের তলে কেন শুধু আলোর চাতুরী-চুরি?

বিদ্যুৎ নাই, বিদ্যুৎ দে!
আঁধারে ডুবেছে জনপদ মোর, ওরে পাষাণ— নেত্র মেলে চাউ রে!

বন্ধ হয়েছে মিল-কারখানা, স্তব্ধ চাকার গতি,
ঘোর অমানিশা গ্রাসিছে জাতির শিল্প ও সংগতি।
গাড়ী-ঘোড়া সব অচল আজিকে, রুদ্ধ পথের বাঁক,
জনতার পেটে ক্ষুধার অনল, বুকেতে মরণ-ডাক!

ছাত্র-ছাত্রীর সজল নয়নে বিদ্যার দীপ নেভে,
বইয়ের পাতায় অশ্রু ঝরিছে— এই পাপ সবি কে রে?
মঞ্চে দাঁড়ায়ে বাচাল মন্ত্রীরা বিলিছ মিথ্যে আশা,
আমরা কি তবে মানুষ নই রে? নাই কি মোদের ভাষা?

শহর ও গ্রামে বৈষম্যের এই প্রাচীর দিয়েছ তুলি,
মোদের রক্তে কেনা এ ভূমে— কেন আঁধারের ধূলি?
মোরাও এ দেশের খাঁটি নাগরিক, দিই যে নিয়মিত কর,
তবু কেন আজ প্রদীপের নিচে আমাদেরই ভাঙা ঘর?

থামা রে তোর বক্তৃতাবাজি, ফন্দি-ফিকির সব,
আকাশ ফাটায়ে গর্জে উঠিছে প্রজার আর্তরব।
বিদ্যুৎ চাই, নিশ্চয়তা চাই— জীবনের অধিকার,
নইলে দাউদাউ জ্বলবে রে রুদ্র— ভাঙবে এ কারাগার!

বিদ্যুৎ নাই, বিদ্যুৎ দে!
নইলে তোর ওই মদমত্ত মসনদ হবে রে ছারখার!
---------------------------------------------------------------------


২৩-০৪-২০২৬

লজ্জা লাগে না ?

 লজ্জা লাগে না ?

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
বলতে লজ্জা লাগে না তোমার? ছি ছি ওহে ভণ্ড বীর!
গাড়ির নেশায় বিকিয়ে দিলে কি তোমার উন্নত শির?
জনতার ঘাম-রক্তে কেনা ও যে অভিশপ্ত রথ,
সেবক সেজে বিলাসিতা খোঁজা— এ কোন্ নরকের পথ?

পঞ্চান্ন বছরের ইতিহাসে কেউ চায়নি এমন দান,
সেবার নামে ভোগের পঙ্কে ডুবালে দেশের মান!
গুরুজন বুঝি শিখিয়েছেন আজ— ‘ছোটদের নাহি না’,
রক্তশোষা ঐ সরকারি গাড়ি কেন তুমি ছাড়ো না?

বিপ্লব যার মুখে শুধু বুলি, অন্তরে স্বার্থের টান,
প্রতিশ্রুতি ভাঙার খেলায় সে যে অতি জঘন্য প্রাণ!
কে ডেকেছে তোমায়? কে বলেছে হতে মিছে জনসেবক?
আইনের নামে আখের গুছাও— তুমি তস্কর, তুমি শোষক!

জনতা তোমার চাকা চায় না, চায় অধিকারের দাবি,
ভোগের মহলে সাজো তুমি রাজা, হাতে শোষণের চাবি।
মানুষের তরে যদি লড়তে চাও, ধূলিমলিন পথে এসো,
নইলে তোমার ঐ গাড়ির চাকায় বিদ্রূপ হয়ে মেশো!
-------------------------------------------------------------


২৩-০৪-২০২৬

এ মোর পরিচয়

 এ মোর পরিচয়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************
এই যে আকাশ, অবারিত মাটি, নদী-নালা-খাল-বিল,
হৃদয়ে আমার স্পন্দিত হয় এদের কাব্যিক মিল।
বঙ্গোপসাগর, উঁচু-নিচু টিলা, পাহাড়ের ঐ ঢাল,
সবটুকু নিয়ে মিশে আছি আমি, পার হয়ে মহাকাল।

কাঁচা-পাকা পথ, মহাসড়ক আর ফসলি শস্যদানা,
প্রকৃতির এই অনুপম ছবি কারোর নয়কো অজানা।
জেলে-কুমার আর তাঁতির চাকা, খেটে খাওয়া সব প্রাণ,
শ্রমিক-কৃষক-আমলা-কামলা—গাই জীবনের গান।

শিক্ষিত আর অশিক্ষিত শিশু, আবাল-বৃদ্ধ-জনতা,
সবার তরেই হৃদয়ে আমার গভীর মমতা।
সবটুকু আমি ধারণ করেছি, হয়েছি একাকার,
বাংলাদেশ মোর প্রাণের স্পন্দন, এ মাটি যে আমার।

ভুলিনি তো কভু লক্ষ প্রাণের রক্তে কেনা সে দেশ,
মা-বোনের ঐ ইজ্জত আর ত্যাগের নেইকো শেষ।
লাল-সবুজের পতাকায় আঁকা মুক্তির সেই দাবি,
হৃদয়ে আমার পরম যত্নে স্বাধীনতার সেই চাবি।

মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা, কালজয়ী ইতিহাস,
স্বাধীনতার ঐ স্থপতি মোর হৃদয়ের নিঃশ্বাস।
রক্তপ্রবাহে মিশে আছে আজ অমর সেই স্মৃতি,
দেশপ্রেম মোর অস্তিত্ব জুড়ে, দেশের তরেই প্রীতি।

ঘৃণা করি আমি দুর্নীতি আর অর্থপাচারকারী,
ফ্যাসিবাদ আর রাহাজানি মুছে দেশটারে গড়তে পারি।
গণতন্ত্রের পূজারী আমি, সত্যের পথে চলি,
লাল-সবুজে বুক বেঁধে নিয়ে অন্যায়ের কথা বলি।

অবিচারহীন সাম্যের দেশে নির্ভীক চিরকাল,
বাঙালি হিসেবে দেশপ্রেমের আজ উড়াই জয়পাল।
শহীদ রক্তে রাঙানো এ মাটি, আমার শ্রেষ্ঠ জয়—
দেশপ্রেমিক এই আত্মাই তো— এ মোর পরিচয়।
-------------------------------------------------------

স্বদেশপ্রেমের অগ্নি-শপথে

 স্বদেশপ্রেমের অগ্নি-শপথে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-------------------------------------
ওরে ও ভণ্ড রাজনীতির ধ্বজাধারী, শোন রে তোরা মন দিয়ে,
রক্তে কেনা এই স্বাধীনতা রাখব আগলে জান দিয়ে!
যে রাজনীতি মোর বীর শহীদের রক্তে মাখানো স্মৃতি হাসে,
যে রাজনীতি মোর ইতিহাসের মূলে কুঠারাঘাতের জাল ফাঁশে;

সে রাজনীতির মুখে মারি লাথি—সে রাজনীতি আমরা চাই না,
মানুষের রক্ত চুষে খাওয়া ঐ হায়েনাদের আমরা চিনি না!
শোনো রে শোষক, শোনো রে ঘাতক, শোনো রে ভীরুর দল,
গণতন্ত্রের টুঁটি চেপে ধরে দেখাস যে বাহুবল—

মবতন্ত্রের ভয় দেখিয়ে করিস কণ্ঠ রুদ্ধ যার,
সেদিন দূরে নয়, যেদিন হবে তোর পাপিষ্ঠ গদি ছারখার!
দুর্নীতির ঐ পাহাড় গড়ে, পরিবারতন্ত্রের শিকলে মেতে,
দেশমাতাকে বেচতে চাস যারা ক্ষমতার ঐ পাশা খেলে—

তাদের তরে এই বাংলায় ঠাঁই নাই রে—ঠাঁই নাই,
দেশপ্রেমী সেই নতুন সূর্য, নতুন রাজনীতি আমরা চাই!
দমন-পীড়ন, প্রতিহিংসার বিষ যে রাজনীতি ছড়ায় মনে,
বিরোধী মতের টুঁটি টিপে ধরে অন্ধকার ঐ কোণে;

ন্যায়বিচারের কবর খুঁড়ে যারা হাসে পৈশাচিক হাসি,
তাদের গলে পড়িয়ে দেব আজ গণ-বিদ্রোহের ফাঁসি!
লাল-সবুজের অবমাননা সইবে না আর এই মাটি,
জাতীয় সংগীত বিহীন ও বুক—নহে তো কভু খাঁটি!

রক্ত চাই? নে রক্ত তবে! কিন্তু স্বাধীনতা ছাড়ব না,
স্বদেশপ্রেমের অগ্নি-শপথে একটুও পিছু হটব না।
সাম্য আসুক, মুক্তি আসুক, আসুক মানুষের জয়গান,
বিপ্লবীদের বজ্রকণ্ঠে থরথর আজ কাঁপুক আসমান!

যে রাজনীতি শুধু দেশের তরে—সেই রাজনীতি চাই মোরা,
শোষক মুক্ত, বৈষম্যহীন নতুন এক দেশ গড়ব মোরা!
---------------------------------------------------------------------------------


২২-০৪-২০২৬

জাগো হে রাওনাট স্কুল(গান)

  জাগো হে রাওনাট স্কুল(গান) কলমেঃ মোঃ আমিুনল এহছান মোল্লা রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ******************************************** এই য...