বুধবার, মে ১৩, ২০২৬

আল-কোরআনের আলো

 আল-কোরআনের আলো

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************************
আল কোরআনের আলো জ্বলে নিখিল ধরণী-মাঝে,
সে আলোরই পরশ পেয়ে বিশ্ব নতুন সাজে।
তিমির-রাতি ফুরালো আজ, আসলো সে রবি,
তৌহিদী ওই নূরের জ্যোতি আঁকলো ভুবন-ছবি।
পাক কিতাব ঐ খোদার কালাম, রহমতেরই ধারা,
শুকনো মরু হলো সজীব, প্রাণ পেল পথহারা।
লা-শরীক ঐ এলাহীর নাম জপি অবিরাম,
শান্তি-সুধা বিলায় সদা মুমিন-হৃদয়ে গান।
মুক্তির ওই মশাল জ্বেলে আঁধার হলো ক্ষীণ,
কোরআনী এই ঝরনাধারায় সজীব হলো দ্বীন।
হেরা গুহার জ্যোতি সে যে আরশ হতে আসে,
তাজাল্লী তার ছড়িয়ে পড়ে আকাশ-নীলিম পাশে।
জুলুম-আঁধার টুটে গেল সত্যের হুঙ্কারে,
পয়গাম ঐ বাজলো পুন শোষিতের দুয়ারে।
ওরে পথিক, চল রে সেথায় যেথায় কুরআন ডাকে,
মুক্তির ঐ রাজপথ যেথায় দেখবি বাঁকে বাঁকে।
মুমিন গায় সাম্য-গীতি ঐ আলোরই তানে,
কুরআনী পথ চললে তবেই শান্তি পাবি প্রাণে।
----------------------------------------------------------------------
১০-০৫-২০২৬

ভাঙো নেশার জাল

 ভাঙো নেশার জাল

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************************
জাগো রে জাগো পিশাচ-নাশক মুক্তিকামী দল!
রক্তে ভেজা জননী-শিশুর নয়ন-অশ্রু জল—
মুছাতে ওই আসুরিক হাত কররে চূর্ণ আজ,
মাদক-মুক্ত সমাজ গড়িতে পরো রে রণ-সাজ!
পিতার বেশে শয়তান ওই আসিয়াছে যম হয়ে,
নিজের কুলে আগুন জ্বালায় নেশার বিষ যে বয়ে।
তিনটি কুসুম, জায়া ও স্বজন—রক্তে ভাসিল ঘর,
মানুষ ঘুমাও? পাষাণ হৃদয়? জাগো রে বীর-নর!
মাদক-মরণ হানো রে শেল, ভাঙো নেশার জাল,
ঘোর তিমিরে আনিবে আলো নবীন মহাকাল।
হত্যাকারীর কণ্ঠ কাঁপুক ফাঁসির কাষ্ঠে ঝুলি,
বিচারের বাণী গর্জে উঠুক—নয় সে কথার বুলি।
ধূম্রজালে মত্ত যারা, তাদের কররে দূর,
শোনরে আকাশ শোনরে বাতাস—বিদ্রোহী সুর!
পাপীর বিনাশ, ন্যায়ের প্রকাশ—এই আমাদের গান,
মাদক-মুক্ত বিশ্বে জাগুক নবীন প্রাণের প্রাণ।
মাদক-মরণ হানো রে শেল, ভাঙো নেশার জাল,
ঘোর তিমিরে আনিবে আলো নবীন মহাকাল।
----------------------------------------------------------------------
১০-০৫-২০২৬

কাঁপুক রে আজ দস্যু-পুরী

 কাঁপুক রে আজ দস্যু-পুরী

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************
রাজনীতির নামে রক্ত চোষো? ওরে ও রক্ত-পিশাচ দল!
মিথ্যা মামলায় বিঁধবি কত? জ্বলে ওঠ তবে জ্যান্ত অনল!
জেলে-জুলুমে হুলিয়া দিয়ে—
রুখবি কি আজ রুদ্র হিয়ে?
অপমান আর লাঞ্ছনা সব চূর্ণ হবে রে চল চল চল!
ভাইয়ের বুকে ভাই হেনেছিস, বন্ধু করেছিস পর,
গুম-খুন আর অত্যাচারে কাঁপছে রে থরথর!
রন্ধ্রে রঞ্চে মারলি আঘাত,
দেশদ্রোহীর ওই তকমা-পাত—
অধিকার-বঞ্চিতের আজ বাজুক প্রলয়-শঙ্খ-রোল!
ছিঁড়ব শৃঙ্খল, আনব মুক্তি—ভেঙে ফেল সব ক্ষমতার তোল!
মায়ের কোল যে খালি করলি, গুম করলি যে তাজা প্রাণ,
রক্তের প্রতিটি ফোঁটা আজ গাইবে রে বিপ্লব-গান!
হাড় দিয়ে তোর গড়ব মশাল,
রুধব তোদের কুটিল চাল—
বন্ধুর সাথে বিচ্ছেদ যেথা, সেথা মোরা আজ এক হব,
শহীদের লাশে পা রেখে আজ আজাদির জয় গেয়ে রবো!
বজ্রশিখায় আকাশ ফাড়ুক, কাঁপুক রে আজ দস্যু-পুরী,
ক্ষমতার ওই মদমত্ততা চল করি আজ জ্যান্ত চুরি!
দেশপ্রেমিকের রক্তে রাঙা—
জেঠুর এই শিকল ভাঙা,
রাজনীতির এই বিষদাঁত আজ উপড়ে ফেলবে সর্বহারা,
জাগো রে বিদ্রোহী, জাগো সর্বজন—বয়ে আন মুক্তি-ধারা!
------------------------------------------------------
১০-০৫-২০২৬

রক্ত-বিপ্লব

 রক্ত-বিপ্লব

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************
মারো হাঁক— ‘হৈ হৈ’!
ঐ পিশাচেরা গেল কই?
ভাঙ রে ভাঙ ঐ শোষণের কারাগার,
খুন-গুম-ধর্ষণে দেশ হলো ছারখার!
জাগো বিদ্রোহী! ধরো তূর্য!
অনাচার টুটে জাগুক নব সূর্য!
পুত্রের হাতে পিতা খুন?
ধিক্ তোরে! ধিক্ এই কাল-শকুনের ঘুণ!
ছাত্রের হাতে গুরু পায় অপমান,
নারীর ইজ্জত লুটে পিশাচের দল করে মধুপান?
হানি বজ্র! কর চূর্ণ!
অন্যায়ের এই পাত্র এবার হোক তবে পূর্ণ!
ক্ষমতার দম্ভে মবতন্ত্রের বিষ,
ফ্যাসিবাদের থাবায় বিচার পায় না তো দিশ!
রাহাজানি-চুরি-ডাকাতি—
সব লুটে নেয় ঐ দেশদ্রোহী অজাতী!
সাবধান! হুশিয়ার!
বিপ্লবী আজ খুলবে রুদ্ধ দ্বার!
জাগো জনতা! বাঁধো রণ-বেশ,
অত্যাচারীর কর আজ নাম-নিশানা শেষ!
সাম্যের গান গাও—
জালিমের মসনদ তুড়ি মেরে উড়িয়ে দাও!
বল— জয় বিপ্লব! জয় সত্য!
মানুষের জয়গান গাও— হয়ে উন্মত্ত!
------------------------------------------------------
১০-০৫-২০২৬

শুভ জন্মদিন হে কলিজার টুকরো!

 শুভ জন্মদিন হে কলিজার টুকরো!

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************
হেরো রহমতেরি ফল্গুধারা বইছে এ আঙিনায়,
শুকরিয়া তোর ওগো ইলাহী, সেজদা লুটাই পায়!
তৌহিদেরি চেরাগ জ্বেলে ধন্য করলি ঘর,
কাটলো অমানিশার আঁধার, আসলো খুশির ভোর!
‘রাব্বানা হাবলানা’ সুরে আকাশ-বাতাস জাগে,
নয়ণ-শীতল এই নেয়ামত ধন্য হদয়-বাগে।
আমানত তোর দিলা মোরে ইব্রাহিমের মতো,
হক-পাহাড়ি বীর হবে সে, হবে না কভু নত!
কন্যা নয় এ জান্নাতী নূর, রহমতেরি দান,
মুচকি হাসির পরশ মেখে জুড়ায় রে পরান।
রাসুল বলেন, ‘মেয়ের বাবা জান্নাত পাবে ভাই’,
শুকর করি ওগো দাতা, তোমার সীমা নাই!
হবে সে এক মুজাহিদ ওগো দ্বীন-ইসলামের তরে,
সত্যের কোরআন থাকবে সদা তাহার কণ্ঠভরে।
মুমিন বলে, এই শিশু হোক সত্য পথের দিশা,
ঘুচিয়ে দিক এ কলিযুগের সকল তামস-নিশা!
--------------------------------------------------
১১-০৫-২০২৬

ঈমানী শক্তি

 ঈমানী শক্তি

কলমেঃ মোঃআমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************
জাগো হে জাগো ঈমানী শক্তি!
করো না ভয়—
ঐ তাগুতের রক্ত-চক্ষু চিরকাল রয় না জয়।
দলো রে দলো অশুভের কালো মাথা,
বুকে জ্বালো আজ তৌহিদী অগ্নি-গাথা!
ভয় করো শুধু সেই এক পারওয়ার দিগার—
যাঁর হাতে লয়, যাঁর হাতে সৃষ্টি এই চরাচর।
এই ক্ষণিক নশ্বর ভুবন-মায়ায়
বিকিয়ো না শির বাতিলের রাঙা পায়!
শোন রে মুমিন, শোন রে নির্ভীক—
আকাশে বাতাসে ঐ গঞ্জে তকবীর দিগ্বিদিক!
কোথায় খালিদ? কোথায় সে হামজা বীর?
আলীর জুলফিকার আজো কি হবে না স্থির?
ছিঁড়ে ফেলো আজ শোষণের সব শৃঙ্খল-কারা,
বজ্র-কণ্ঠে বলো— 'আমরা যে চির-হারা!'
জেগে ওঠো আজ বাতিলের বিরুদ্ধে রুধিবার পথ,
ছুটাও আবার সাম্যের সেই সওগাতী জয়-রথ।
নজরুল-তেজে ধরো রে তলোয়ার—
ঈমানী শক্তিতে হোক সব আঁধার ছারখার!
আল্লাহু আকবার! আল্লাহু আকবার!
---------------------------------------------------------------------
১১-০৫-২০২৬

তুচ্ছ মূল্যে বেচিস না আর

 তুচ্ছ মূল্যে বেচিস না আর

কলমেঃ মোঃআমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************
ওরে মুমিন!
খোদার কালাম আসমানি নূর তুচ্ছ মূল্যে বেচিস না আর,
দুনিয়া-হাটে বিকিয়ে ঈমান—করিস না তোর আখের আঁধার!
তোর রূহ যে আজ রিক্ত কাঙাল,
ছাড় রে মায়ার জীর্ণ জাল,
সওদা করে বিষের পেয়ালা—হারাস না ওই নূরের ভাণ্ডার!
তোর কপালে লওহে মাহফুজ—জ্বলছে মানিক মোতি-হীরা,
তুই কেন রে হাত পেতেছিস পিয়ে দুনিয়ার তৃষ্ণা-মদিরা?
তোর হাতে যে আরশ-ছোঁয়া শাণিত ওই তলোয়ার,
তুই কেন আজ আঁধার রাতে—খুঁজিস মেকি চাঁদ সোনার?
শাম্মে-তাজাল্লি ছেড়ে কেন—কুড়াস পথের তুচ্ছ কাঁকর-ছাড়!
মুহাম্মদী জিন্দা মোজেজা—বগলে তোর আছে চাপা,
ভিখারি তুই হলি কেন—জীর্ণ আলখেল্লা মাপা?
কোরআন যে তোর রক্ষাকবচ,
তুই কেন হোস দুনিয়া-অবুঝ?
তোর ইজ্জত যে ছিল আসমানে—লুটে কেন আজ ধুলোয় রে মার?
ওরে কপাল-পোড়া!
কোরআন বেচে উদর ভরিস—লাঞ্ছনা যে নিত্য জোটে,
তোর শাহী-তাজ ভুলুণ্ঠিত—তাই কি চোখের জল রে ছোটে?
তুই কি খোদার শ্রেষ্ঠ সৃজন?
জাগা তবে তোর আশেক-মন!
বেচিস না আর আরশে-আজিম—পেতে কয়েক কড়ি দুনিয়ার!
--------------------------------------------------------

অতীত

 অতীত

কলমেঃ মোঃআমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************
অতীত? সে তো এক জীর্ণ পুরনো ঘর,
দরজায় তালা, নেই কোনো চেনা স্বর।
জানালায় জমেছে গাঢ় ধুলোর আস্তরণ,
আড়ালে লুকানো কত হারানো শিহরণ।
ভিতরে অন্ধকার, নিঝুম নির্জনতা,
স্মৃতিরা বুনছে জালে অলস নীরবতা।
মাকড়সার সুতোয় বোনা মায়ার আড়াল,
বন্দী হয়েছে সেখানে ফেলে আসা কাল।
যতই ডাক দিই, ফিরে আসে হাহাকার,
কেউ সাড়া দেয় না সেই নিস্তব্ধ ঘরের আর।
কারণ তারা সবাই আজ নিথর ও মৃত,
কালের কবরস্থানে নিঃশব্দে চিরশায়িত।
--------------------------------------------------------
১১-০৫-২০২৬

হালাল রিজিকের পূর্ণি

 হালাল রিজিকের পূর্ণি

কলমেঃ মোঃআমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************
ওরে মন, চলবি যদি চল সেই পথে
যেথায় ঝরে আল্লা-রূহের নূর অঝোরে রাতে-প্রভাতে।
হারাম রুজির আস্তাকুঁড়ে দিসনে রে তোর দিল—
হালাল রিজিকেই মিলবে রে তোর খোদার সাথে মিল!
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।।
পাক পবিত্র যে লোকমা ভাই—
তাতেই তো মোর রবের দয়া পাই।
কুরআনে কয়— ওরে মুমিন, শ্রেষ্ঠ রিযিক খাও,
নাপাক ছোঁয়ায় নিজের ইমান আঁধারে না হারো।
হাজার টাকার হারাম ঐ যে শয়তানি এক ধোঁকা,
হালাল পুঁজিতেই লুকিয়ে আছে হাজার নেকির থোকা!
বুকের ভেতর ইবাদতের প্রদীপ যদি চাস,
হালাল দানা পেটে ভরে বাড়া রে বিশ্বাস।
হাদিস বলে— হারাম খেলে দু’হাত তোলা বৃথা,
কবুল হবে না ফরিয়াদ তোর, বাড়বে শুধু তিতা।
ওরে ভাই,
শুকনো রুটি লবন দিয়ে যদি জুটে তোর পাতে—
জেনে রাখিস, আরশ অধিপতি আছেন তোরই সাথে!
ঘাম ঝরানো তকদিরে তোর জান্নাতী সুবাস,
কম পরিশ্রমে মিলবে রে ভাই রবের নীলাকাশ।
হাশর দিনে আল্লাহ যখন দেবেন সে পুরস্কার—
হালাল খোররা উঠবে হেসে, হবে চমৎকার!
ওরে মন,
বড় যদি হতে চাস তুই ইমানের ঐ জোরে,
হালাল রিজিক পূর্ণি হয়ে আসুক তোরই ঘরে।।
--------------------------------------------------------
১১-০৫-২০২৬
See less

ওগো মা, তুমি জান্নাতী সুধা

 ওগো মা, তুমি জান্নাতী সুধা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************************
মা এক অতুল্য সত্ত্বা, খোদার আরশ হতে আসা নূর,
তব কদম-তলে বিছানো বেহেশত, শান্ত সুশীতল পুর।
ওগো মা, তুমি নও কোনো দিবসের ক্যালেন্ডারে সীমাবদ্ধ,
তুমি অবিনাশী প্রেম-কাব্য, নিখিল বিশ্ব-স্তব্ধ।
ওগো মা, তুমি জান্নাতী সুধা্
মৃত্যুঞ্জয়ী মমতায় মাগো, তুমি মোরে রাখো ঢাকি,
তোমার আঁচল-শুভ্র চাদরে জুড়ায় চাতক-আঁখি।
পৃথিবী কেন যে সাজাতে চায় তোমায় ক্ষণিকের ফ্রেমে?
তুমি তো মিশেছ মোর নিশ্বাসে, অনাদি কালের প্রেমে।
মা বিনা এ ধরা ধু-ধু মরুভূমি, শূন্য সে মহাকাশ,
সাগর-সিন্ধু তোমার দয়ার বিন্দু—ওগো মা, অবিনাশ।
মোর জীবনের প্রতিটি স্পন্দন তোমারি রক্তধারা,
ক্লান্ত পথের তুমিই প্রদীপ, তুমিই ধ্রুবতারা।
যখনই ব্যথায় কাঁদি ওগো মা, তুমি হও ঢাল মোর,
দুনিয়ার সব আলো নিভে গেলেও কাটে না তোমার ভোর।
বিধাতার শ্রেষ্ঠ রহমত তুমি, মর্ত্যের বুকে দান,
তুমিই শেখালে মানব জনম—প্রেমেরই জয়গান।
আল-কুরআন দিচ্ছে ঘোষণা তোমারি উচ্চ মাকাম,
বনী-ইসরাইল আয়াতে মাগো পাঠালো খোদায়ী সালাম।
সেজদায় নুইয়ে কাঁদি বারে বার, ওগো মালিক-ই-রাব্বানা—
কবুল করো এই মিনতি মোর, এই সে আরজ-পানা:
“রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা”
(হে প্রভু! দয়া করো তাঁদের, যেমন স্নেহে আমায় করেছেন বড়,
মায়ের আঁচলে রেখো মোরে শান্ত, হাতখানি তাঁর ধরো।)
মৃত্যুঞ্জয়ী মমতায় মাগো, তুমি মোরে রাখো ঢাকি,
তোমার আঁচল-শুভ্র চাদরে জুড়ায় চাতক-আঁখি।
তুমি অবিনাশী প্রেম-কাব্য, নিখিল বিশ্ব-স্তব্ধ।
ওগো মা, তুমি জান্নাতী সুধা্
---------------------------------------------------------------------
১১-০৫-২০২৬

অবুঝের মত (গান)

  অবুঝের মত (গান) কবি মোঃ আমিনুল এহছান মোল্লা স্থানঃ রাওনাট - কাপাসিয়া - গাজীপুর তারিখঃ ২১ - ১১ - ২০২৪ ইং ********************...