রবিবার, মে ১৭, ২০২৬

শোনো রে দুনিয়াবাসী,

 

শোনো রে দুনিয়াবাসী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

******************************
জাগো রে মুসলিম, জাগো ঈমানদার!
শোনো রে দুনিয়াবাসী,
ইসলাম কভু শেখায়নি হতে খুনি কিম্বা পর-বিদ্বেষী।

শান্তির শুভ্র পতাকা উড়ায়ে
এই ধরা মাঝে ভাই,
অপমান আর ক্ষতির তরে তো এ পুণ্য ধর্ম নাই!
রহমতেরই পথ দেখালেন
মোর প্রিয় নবী কামলিওয়ালা,
কোরআনের আলোয় ঘুচলো আঁধার, মিটলো মুক্তি-জ্বালা।

বলো হে মোমিন, বলো হে মুসলিম, বীরের মতন আজ—
অত্যাচারের শাসন ভাঙাই যে তোদের আসল কাজ!
অন্যের দ্বীনি অধিকারে তোরা
হানিস না কভু ঘা,
অমুসলিমের ইবাদতগাহে আগুন দিস না বা।

নয় ইসলাম মব-জাস্টিস, জুলুম কিম্বা স্বৈরাচার,
চুরি-দুর্নীতি-খুন-রাহাজানি নহে মুসলমানের ভূষণ।
ইসলাম মানে সাম্য ও নীতি,
সুধাময় ছায়াভরা,
ইসলাম মানে গুম-হত্যাকে মুছে দিয়ে পুণ্য ধরা।

হে মুমিন!
তুমি সভ্যতার অভয়, শান্তির শুভ্র দূত,
অহংকার নয়, বিনয়ে হইয়া থাকো নবীর খাঁটি উম্মত।
তুমি উমরের সেই কঠোর শাসন,
তুমি আলীর জুলফিকার,
তোমার ইশারায় কেঁপে উঠবে ফের যত জালেম ও অত্যাচার।

তুমি নও উগ্র,
তুমি নও জঙ্গী,
তুমি সদা সত্যের শির,
মানবমুক্তির সেনানী ও ভাই, তুমি শহীদি প্রাণের বীর!
তোমার তরেই নিরাপদ বিশ্ব,
তুমি যে বিশ্বের আলো,
ভয়-ভীতিহীন ইনসাফেরই দীপটি আবারও জ্বালো!

জাগো রে মুসলিম, জাগো ঈমানদার!
শোনো রে দুনিয়াবাসী,
ইসলাম কভু শেখায়নি হতে খুনি কিম্বা পর-বিদ্বেষী।

 

--------------------------------------------------------------

সম্মান কিনবে?

 সম্মান কিনবে?

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

******************************
ওহে শোনো যারা সম্মান চাও, কিনতে কি চাও আজ?
পসারি বসেছে পাড়ায় পাড়ায়—সাজো তবে বীর-সাজ!
টাকা আছে যার, প্রধান অতিথি—
হবার বাসনা মনে?
অলিগলি খোঁজো, দোকান খুলেছে শিকারী সংগোপনে।

যোগ্যতা আর জ্ঞানের মশাল নিভেছে আঁধার কোণে,
এখন বিচার হয় শুধু ভাই টাকার অঙ্কে গুণে।
উদ্বোধক কি বিশেষ অতিথি—
হতে চাও তুমি আজ?
মুদ্রা ছড়াও, ঘুচে যাবে সব অপমানেরই লাজ।

চোর কি চোট্টা, দুর্নীতিবাজ, গুন্ডা কি বদমাশ,
টাকা থাকলে মেকি সম্মানে ঘুচবে সকল ত্রাস।
আয়োজক বসে ওত পেতে ওই
গলি হতে রাজপথে,
পাপিষ্ঠ আজ আসীন হয়েছে সম্মানেরই রথে।

ওয়াজের নামে, খেলার নামে, সভার আড়ালে বসে—
আয়োজক দল সম্মান বেচে ধূর্ত লাভের কষে।
টাকা দিলে ভাই ফুলের মালা,
না দিলে মূল্য নেই—
বিবেক বিকানো এই বাজারে মানুষ কি তবে নেই?

সম্মান কিনবে? লও তবে লও, পসারি ডাকছে ওই,
জ্ঞানী-গুণী আজ অবহেলিত, সত্য লুকাবে কই?
শিক্ষার মান ধুলায় লুটাচ্ছে,
টাকাই পরম বল—
মেকি সম্মানের তিলক পরো রে অযোগ্য দলবল!

--------------------------------------------------------------

শোনো হে প্রাণ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*******************************

শোনো হে গাফেল প্রাণ,
মৃত্যুর দূত শিয়রে তোমার, গাহে মরণের গান।
আসবে না সে জানিয়ে বার্তা, দিবে না কোনো ছাড়,
নিমেষেই হবে রুদ্ধ তোমার নিশ্বাসের এ দ্বার।

তুমি বলবে, ‘স্বপ্ন বাকি, সন্তান বড় একা’,
যমদূত বলবে, ‘হুকুম হয়েছে, হবে না আর দেখা’।
মালিকের ওই অমোঘ আদেশে কাঁপবে তোমার কায়া,
ছিঁড়ে যাবে সব দুনিয়াবি মোহ, মিছে পৃথিবীর মায়া।

কোথায় তোমার অর্থের দম্ভ? কোথায় শৌর্য-বীর্য?
কবরে তোমার সঙ্গী হবে না শান-শওকত, ঐশ্বর্য।
যাদের লাগি করলে গুনাহ, রক্তে রাঙালে হাত,
তারাই তোমায় শুইয়ে দিবে— কবরে আঁধার রাত।

কেন এতো জিঘাংসা বলো? কেন এতো হানাহানি?
এক পলকেই শেষ হয়ে যাবে অবাধ্য এই বানি।
প্রভূর গোলাম হতে কি পেরেছো? চিনেছো কি রেহমান?
নাকি শুধুই নফসের তরে বিলাইলে নিজ জান?

একাকী সফর, সঙ্গীবিহীন, শুধু আমলের ঝুলি,
হাশরে বিচার করবেন তিনি, দেন না যা পাঠ তুলি।
এখনো সময়, সিজদায় ঝরো, মোছো গুনাহের দাগ,
মাবুদের পথে সঁপে দাও প্রাণ, নিভে যাক সব রাগ। [1]

জেগে ওঠো আজ মরণ আসার আগে,
পরপারের পাথেয় জোগাও গভীর অনুরাগে।

----------------------------------------------

অবুঝের মত (গান)

  অবুঝের মত (গান) কবি মোঃ আমিনুল এহছান মোল্লা স্থানঃ রাওনাট - কাপাসিয়া - গাজীপুর তারিখঃ ২১ - ১১ - ২০২৪ ইং ********************...