Tuesday, May 5, 2026

তুমিও রাখোনি কথা

 তুমিও রাখোনি কথা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************
তুমিও রাখোনি কথা! তুমিও সেই পুরোনো শোষক বেশে—
ফ্যাসিষ্টের বিষদাঁত বসিয়েছো আমার এই প্রিয় দেশে।
ভেবেছিলে মুখোশে ঢাকবে তোমার আদিম নগ্ন রূপ?
জনতার চোখে আজ তাই তো জমেছে আগ্নেয়গিরির স্তূপ।

তুমি তো হরণ করলে আমার কথা বলার অধিকার,
গণতন্ত্রকে পিষে মারলে—ওরে ওরে অবিচার!
মুক্তিযুদ্ধের চেতনা নিয়েছ নিজের স্বার্থে বেচে,
ক্ষমতার লোভে দানব সেজেছো ইতিহাসের পিঠে নেচে।

যোগ্য যেখানে উপেক্ষিত, অযোগ্যরা পায় গদি,
তোমার পা চাটা দোসরে ভরেছে প্রশাসনের নদী।
কালো আইন আর দলীয় করণে রুদ্ধ স্বদেশ আজ—
একক ক্ষমতার মসনদে বসে কেন করো কারসাজি?

বিশ্বাস ছিল পাহাড় সমান, দিয়েছিলে তুমি ধোঁকা,
ভেবেছিলে বুঝি এই জনপদ বড্ড বেশি বোকা?
তোমার ও সূর্য মরণ-সূর্য, পতনের ইঙ্গিত—
গণবিক্ষোভে ভেঙে যাবে আজ তোমার মিথ্যে গীত।

সাবধান হও! সাবধান ওরে ক্ষমতার দম্ভী চোর,
আসছে জনতা ভাঙতে তোমার শৃঙ্খল-কালো ঘোর।
--------------------------------------------------------------------- 



২০-০৪-২০২৬

No comments:

Post a Comment